অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের তুলনায় কতটুকু মানসম্পন্ন বিসিবির লেভেল থ্রি কোর্স
বিসিবির উদ্যোগে প্রথমবার দেশে আয়োজন করা হয়েছে লেভেল থ্রি কোচিং কোর্স, যেখানে অংশ সাবেক ক্রিকেটার-কোচদের অনেকেই।
“খেলার সময় বোলিং-ব্যাটিং করেছি। কোচ হিসেবে এসব শিখিয়েছি। কিন্তু এখানে যে কত কিছু শিখছি…!”, হাসতে হাসতে বলছিলেন বিসিবির কোচ ও সাবেক জাতীয় পেসার সাইফুল ইসলাম। জাতীয় নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক বললেন, ‘পিএইডি করে ফেলছি…!”
পিএইচডি না হলেও নতুন অভিজ্ঞতা হচ্ছে বটে সাইফুল-রাজ্জাকদের। বিসিবির ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সে অংশ নিচ্ছেন তারাসহ মোট ৩০ জন। তারা সবাই সাবেক জাতীয় ক্রিকেটার। খেলোয়াড়ি জীবন শেষে তাদের অনেকেই কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কেউ কেউ আছেন ক্রিকেট প্রশাসনে বা না ভূমিকায়। সোমবার থেকে পাঁচদিন তাদের পরিচয় ‘লেভেল থ্রি’ কোচিং কোর্সের মনোযোগী ছাত্র।
সেই ২০০৯ সালে বাংলাদেশে একটি লেভেল থ্রি কোচিং কোর্স হয়েছিল। তবে সেটি ছিল আইসিসি ও এসিসির উদ্যোগে। বিসিবির উদ্যোগে লেভেল থ্রি কোর্স এটিই প্রথম। বাংলাদেশের অনেক কোচ, যারা লেভেল টু করেছেন অনেক আগে বা কোচিংয়ের পথচলায় একটা পর্যায় পর্যন্ত আটকে আছেন, তাদের জন্য বড় সুযোগ এই কোর্স।
কোর্সটি পরিচালনা করছেন অস্ট্রেলিয়ার কোচ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, জেফ লসন ও নাতাশা ক্যাম্পবেল। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও থাকছেন প্রশিক্ষক হিসেবে।
রস টার্নারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সংযোগ অনেক পুরোনো। সেই ১৯৯৮ সালে প্রথমবার এসেছিলেন তিনি এদেশে, পরে সবশেষ ২০১৮ পর্যন্ত নানা সময়ে নানা দায়িত্ব নিয়ে এসেছেন এখানে। আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, বিসিবি একাডেমির প্রধান কোচ ছিলেন, বিসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছেন।
সেই সময়ে কোচিং কোর্স পরিচালনাও করেছেন টার্নার। লেভেল থ্রি কোর্সে থাকা কোচ হান্নান সরকার যেমন বলছিলেন, “টার্নারের কাছেই লেভেল টু করেছিলাম আমি, এখন তার কাছেই লেভেল থ্রি করছি।”
সাইফুল, রাজ্জাক, হান্নান ছাড়াও এই কোর্সে অংশ নিচ্ছেন জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, তুষার ইমরান, জাহাঙ্গীর আলম, এনামুল হক জুনিয়র, ডলার মাহমুদ, নাজমুল ইসলাম, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, আশিকুর রহমানের মতো দেশের ক্রিকেটের পরিচিত মুখ।
১ লাখ টাকা নিবন্ধন ফি দিয়ে এই কোর্স করতে হচ্ছে। তবে বিসিবির কোচদের কোনো অর্থ খরচ করতে হচ্ছে না।
অনেক বছরের অপেক্ষার পর লেভেল থ্রি কোচিং কোর্স তো হচ্ছে। কিন্তু এটা কি ক্রিকেট অস্ট্রেলিয়া কা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি কোর্সের মতো মানসম্পন্ন হবে? প্রশিক্ষণ সর টার্নারের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই!”
বিভিন্ন সময়ে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের কাজ করা এই কোচ শোনালেন, লেভেল থ্রি কোর্স কতটা কাজে লাগবে দেশের কোচদের।
“এটা লেভেল থ্রি কোর্স। শুধু এটুকু বলাই তাই যথেস্ট। এই কোর্স সেই কোচদের জন্যই সাজানো, যারা কোচ হিসেবে অগ্রবর্তী পর্যায়ে আছে, জাতীয় প্যানেলের বা জাতীয় ক্রিকেট বোর্ডের কোচিং পর্যায়ে আছে। এরা দেশের সবচেয়ে অভিজ্ঞ কোচদের মধ্যে আছে, যাদের সম্ভাবনা আছে এখনকার অবস্থানের চেয়ে আরও উঁচু পর্যায়ের কোনো দায়িত্ব পালন করার।”
কোর্সের পাঁচ দিনের সূচি নিয়েও ধারণা দিলেন টার্নার।
“আজকে আমরা বেশি সময় কাটিয়েছি মূলত (কোচিং কোর্সের) তত্ত্ব গড়ে তোলায়। এরপর আমরা বায়োমেকানিকস অংশে গিয়েছি, যেটা আমাদের কোর্সের জন্য দারুণ ভিত গড়ে দিয়েছে। এরপর উইকেটকিপিং সেশন ও পেস বোলিং সেশন ছিল।”
“আগামীকাল আমরা ব্যাটিং সেশনে যাব, এরপর ফিল্ডিং সেশন ও অন্যান্য কিছু আসবে পর্যায়ক্রমে। এরপর স্কিল অধিগ্রহণের শেখা ও শেখানোর উপকরণগুলো আসবে।”
