টেস্ট মর্যাদার ২৫ বছর: ৭ বিভাগে বিসিবির আয়োজন
মাইলফলক উদযাপনে ময়মনসিংহ ছাড়া বাকি ৭ বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতাসহ নানা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে শুরুতেই সারা দেশে খেলাটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই লক্ষ্য পূরণে প্রথম ধাপে তিনি বেছে নিলেন দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তীর উপলক্ষকে।
বিশ্ব ক্রিকেটের দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার রজতজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ ব্যতীত বাকি ৭ বিভাগে নানা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আমিনুলের বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই আয়োজনের বিস্তারিত জানায় বিসিবি।
২০০০ সালের ২৬ জুন নতুন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ওই বছরের ১০ নভেম্বর শুরু হয় বাংলাদেশের প্রথম টেস্ট। ভারতের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের স্মরণীয় ইনিংস খেলেন আমিনুল। নানা ঘটনাক্রমে বিসিবি সভাপতি হয়ে তিনিই নিলেন টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত।
ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ও তৃণমূলে খেলাটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ২১ থেকে ২৮ জুন পর্যন্ত ৭ বিভাগীয় শহরে হবে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শনিবার, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রোববার, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার, রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার হবে এই প্রতিযোগিতা।
দুই দিন বিরতি দিয়ে ২৮ জুন রংপুর ক্রিকেট গ্রাউন্ড ও বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়ামে হবে ক্ষুদে ক্রিকেটারদের ব্যাট-বলের উৎসব। এসব ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।
সিক্স-এ-সাইড ক্রিকেটের বাইরেও কিছু অভিনব কার্যক্রমের ব্যবস্থা করছে বিসিবি। বিভাগীয় একজন কোচের তত্ত্বাবধানে অভিভাবকদের ক্রিকেটের প্রাথমিক কৌশল ও খেলার মৌলিক ধারণা দেওয়া হবে।
স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে পেসার হান্টে অংশ নিতে পারবে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি ভেন্যুতে টেস্ট ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের ভিডিও প্রদর্শিত হবে। যে কোনো দর্শক সেসব দৃশ্যে ধারাভাষ্য দিতে পারবেন।
শিল্পকলা একাডেমির সহযোগিতায় টেস্ট ক্রিকেট বিষয়ক ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন থাকবে প্রতি ভেন্যুতে। ‘হিট দা স্টাম্প’ চ্যালেঞ্জে একটি স্টাম্পে বল ছুঁড়ে আঘাত করার মজাদার লড়াইয়ের ব্যবস্থাও রাখা হবে।
এছাড়া ‘গুড লাক উইশ বোর্ডে’ টেস্ট ক্রিকেট সম্পর্কে নিজেদের বার্তা বা শুভকামনা জানাতে পারবেন ভেন্যুতে আগত যে কেউ।
এর বাইরে টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হওয়ার দিন অর্থাৎ ২৬ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও বর্ণাঢ্য আয়োজনের কথা রয়েছে। তবে এটা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।
