২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পোলার্ডের ৮ বলে ৭ ছক্কার ঝড়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

পোলার্ডের ৮ বলে ৭ ছক্কার ঝড়
২৯ বলের ইনিংসে মোট ৮টি ছক্কা মেরেছেন কাইরন পোলার্ড। ছবি: ত্রিনবাগো নাইট রাইডার্স এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

শুরুটা ছিল মন্থর। প্রথম ১৩ বলে কেবল ১২ রান করতে পারেন কাইরন পোলার্ড। এরপর, দুই বোলারের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ৮ বলের ৭টিকে উড়িয়ে আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এই তাণ্ডব চালান পোলার্ড। পাঁচে নেমে ৮ ছক্কা ও ২ চারে ২৯ বলে ৬৫ রানের খুনে ইনিংস খেলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ৬৫তম ফিফটি। চলতি সিপিএলে পঞ্চাশের দেখা পেলেন দ্বিতীয়বার।

বয়স ৩৮ হলেও, ব্যাটের তেজ যে একটুও কমেনি, আরও একবার দেখালেন পোলার্ড। ১০.৩ ওভারে ৭৮ রানে যখন তৃতীয় উইকেট হারায় ত্রিনবাগো, ক্রিজে যান তিনি। মুখোমুখি দ্বিতীয় বলে নাভিন বিডেইসিকে লং-অন দিয়ে ওড়ান ছক্কায়।

এরপর কিছুক্ষণের জন্য খোলসে ঢুকে যান পোলার্ড। পরের ১১ বলে কোনো বাউন্ডারিই মারতে পারেননি তিনি। এরপর, পঞ্চদশ ওভারে লেগ স্পিনার বিডেইসির শেষ চার বলে মারেন তিনটি ছক্কা।

পরের ওভারে পোলার্ড-ঝড়ের শিকান হন ওয়াকার সালামখেইল। আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনারের ওভারের শেষ চার বলের সবকটিতে ছক্কা হাঁকান পোলার্ড। ব্যাট হাতে টর্নেডো তুলে ২১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

কাইল মেয়ার্সকে ছক্কার চেষ্টায় লং-অফে ধরা পড়ে থামেন পোলার্ড। নিকোলাস পুরানের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ বলে ৯০ রানের জুটি গড়েন তিনি। যেখানে পুরানের অবদান কেবল ২১ রান।

৩ ছক্কা ও ৪টি চারে ৩৮ বলে ৫২ রান করেন পুরান। ৬ উইকেটে ১৭৯ রান তোলে ত্রিনবাগো। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে সেন্ট কিটসকে ১৬৭ রানে আটকে রেখে ১২ রানের জয় তুলে নেয় তারা।

আসরে ৭ ম্যাচের ৬টি জিতে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে ত্রিনবাগো।