২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কামিন্দু মেন্ডিস এখন শ্রীলঙ্কার ‘গুরুত্বপূর্ণ’ একজন

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত শুরু করা ব্যাটসম্যান ইংল্যান্ডে প্রথম টেস্টেও করেছেন সেঞ্চুরি, তার ব্যাটিং গড় এখন ৯২.১৬।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 09:59 AM

Updated : 26 Aug 2026, 10:20 AM

প্রথম ইংল্যান্ড সফর বড় পরীক্ষায় ফেলে উপমহাদেশের সব ব্যাটসম্যানকেই। কত কিংবদন্তি ক্রিকেটারও সেই পরীক্ষায় উতরাতে পারেননি ভালোভাবে। কিন্তু কামিন্দু মেন্ডিস চ্যালেঞ্জটা জিতে গেলেন দারুণভাবেই। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত শুরু করা এই ব্যাটসম্যান ইংল্যান্ডে প্রথম টেস্টেই উপহার দিলেন লড়িয়ে এক সেঞ্চুরি। তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা বললেন, ক্যারিয়ারের শুরুতেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন কামিন্দু।

ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে শনিবার সেঞ্চুরি করেন মেন্ডিস। চার টেস্টের ক্যারিয়ারে তার তৃতীয় শতরান এটি।

২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে গলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন কামিন্দু। পরের সুযোগটির জন্য তবু তাকে অপেক্ষা করতে হয় প্রায় দুই বছর। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে আবার দলে ফেরেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন বাংলাদেশের বিপক্ষে গত মার্চে। প্রত্যাবর্তনের ম্যাচে সিলেটে দুই ইনিংসে খেলেন ১০২ ও ১৬১ রানের ইনিংস।

পরের টেস্টে চট্টগ্রামে প্রথম ইনিংসে অপরাজিত থাকেন ৯২ রানে। টেস্ট ক্রিকেটে তার প্রথম ব্যর্থতা আসে পরের ইনিংসে। এবার ৯ রানে আউট হন।

এই ইংল্যান্ড সফর তার জন্য প্রথম পরীক্ষা উপমহাদেশের বাইরে। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে আউট হন ১২ রানে। দ্বিতীয় ইনিংসে চাপের মধ্যে দুর্দান্ত সব শট খেলে করেন ১১৩ রান। ১৮৩ বলের ইনিংসে চার মারেন ১৫টি, ছক্কা ১টি।

টেস্ট ক্রিকেট সাত ইনিংস খেলে কামিন্দুর সেঞ্চুরি তিনটি, ফিফটি আরও দুটি। ব্যাটিং গড় আপাতত ৯২.১৬।

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে ৫ উইকেটে। তবে কামিন্দু জিতে নিয়েছেন অধিনায়ক ধানাঞ্জায়ার মন।

“প্রতি ম্যাচে ব্যাট করতে নামলেই সে রান করে। দারুণ ফর্মে আছে সে। এই মুহূর্তে তার গড় সম্ভবত ১০৮ (৯২.১৬)। দলে এসেই সে আমাদের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছে। আশা করি সে ফর্ম ধরে রাখবে। তবে আমাদেরও তাকে সমর্থন করতে হবে।”

ধানাঞ্জায়ার বিশ্বাস, প্রথম টেস্টে হেরে গেলেও সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে তার দল।

“অবশ্যই আমরা সিরিজে ফিরতে পারি। আমি কখনোই হাল ছাড়ি না। আরও দুটি সুযোগ আমাদের আছে। পরিকল্পনার প্রয়োগ ঠিকমতো করতে পারলে আমরা আরও ভালো করতে পারব বলেই বিশ্বাস করি।”

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে শুরু আগামী বৃহস্পতিবার। শেষ টেস্ট ৬ সেপ্টেম্বর থেকে ওভালে।