২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতকে ‘মোটা’ ও ‘গড়পড়তা’ অধিনায়ক বলে মন্তব্য কংগ্রেস মুখপাত্রের, ভারতে তোলপাড়

কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহামেদের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ তুলেছে বিজেপি, তার মন্তব্যকে ‘খুবই লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন রোহিতের শৈশবের কোচ।

রোহিতকে ‘মোটা’ ও ‘গড়পড়তা’ অধিনায়ক বলে মন্তব্য কংগ্রেস মুখপাত্রের, ভারতে তোলপাড়
রোহিত শার্মা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

রোহিত শার্মার ফিটনেস ও তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে পড়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহামেদ। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির এই ধরনের মন্তব্য প্রবল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে দেশটিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার দুবাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে রোহিত ১৭ বলে ১৫ রান করে আউট হওয়ার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ শামা লেখেন, “একজন খেলোয়াড় হিসেবে রোহিত শার্মা মোটা! ওজন কমানো দরকার! আর অবশ্যই ভারতের ইতিহাসের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক!”

পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। আরেকটি পোস্টে ভারতের আগের অধিনায়কদের সঙ্গে রোহিতের তুলনা করে শামা লেখেন, “তার পূর্বসূরিদের সঙ্গে তুলনা করলে তার (রোহিত) মধ্যে বিশ্বমানের কী আছে? উনি একজন গড়পড়তা মানের অধিনায়ক এবং গড়পড়তা মানের খেলোয়াড়, যে কেবল ভাগ্যের জোরে ভারতের অধিনায়ক হয়েছে।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেভাজিত সাইকিয়া সোমবার বার্তা সংস্থা ‘এএনআই’কে বলেন, শামার মতো ব্যক্তির এসব মন্তব্য খুবই দুঃখজনক। 

“আমাদের অধিনায়ককে নিয়ে দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আসা খুবই দুঃখজনক। সেটা আবার এমন এক সময়ে, যখন ভারত আইসিসি টুর্নামেন্ট খেলছে এবং সেমি-ফাইনাল খেলতে যাচ্ছে।”

রিপাবলিক টিভির সঙ্গে আলাপে কংগ্রেস মুখপাত্রকে ধুয়ে দিয়েছেন রোহিতের শৈশবের কোচ দিনেশ লাদ।

“আপনি কীভাবে একজন আন্তর্জাতিক খেলোয়াড় সম্পর্কে এমন কিছু বলতে পারেন? খুবই লজ্জাজনক। তারা যা-ই বলুক না কেন, আমি তাতে আপত্তি করি না, কারণ রোহিতের সামর্থ্য এবং সে কীভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে, তা আমরা সবাই জানি। এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে পারছি না।”

শামার বিরুদ্ধে বডি শেমিংয়ের (শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ) অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী দল কংগ্রেসকে খোঁচাও দিয়েছেন তিনি।   

“রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তারা রোহিত শার্মার অধিনায়কত্বকে প্রভাবহীন বলছে! আমার মনে হয় দিল্লিতে ৬টি শূন্য এবং ৯০টি নির্বাচনে হেরে যাওয়া অসাধারণ; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা নয়! অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড দুর্দান্ত।”

কংগ্রেসের সাংসদ রাজানি পাতিল বলেছেন, এই বিষয়ে দলের পক্ষ থেকে শামার কাছে জবাব চাওয়া হবে।

“আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলও কারো বডি শেমিং সমর্থন করবে না। দেশের প্রতিনিধিত্বকারী একজন ক্রীড়াবিদের সম্পর্কে এভাবে কথা বলা ঠিক নয়। দল এই বিষয়ে তার কাছ থেকে জবাব চাইবে।”

শামা সোমবার ‘এএনআই’কে বলেন, একজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে কেবল ‘সাধারণ’ একটি পোস্ট করেছিলেন তিনি। বডি শেমিংয়ের কোনো অভিপ্রায় তার ছিল না বলে দাবি করেন তিনি। 

“একজন খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে একটি সাধারণ টুইট (বর্তমানে এক্স) ছিল এটা। বডি শেমিং ছিল না। আমি সবসময় বিশ্বাস করি যে, একজন খেলোয়াড়ের ফিট থাকা উচিত এবং আমার মনে হয়েছিল, তার ওজন একটু বেশি, তাই আমি কেবল এটা নিয়ে মন্তব্য করেছি। কোনো কারণ ছাড়াই আমাকে আক্রমণ করা হয়েছে। যখন আমি তাকে পূর্ববর্তী অধিনায়কদের সঙ্গে তুলনা করেছি, তখন আমি একটি বিবৃতি দিয়েছি। আমার অধিকার আছে। বলার মধ্যে ভুল কী ছিল? এটা গণতন্ত্র…।”

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।