২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আনছে আফগানিস্তান

আগামী অক্টোবরে আফগানিস্তান প্রিমিয়ের লিগের প্রথম আসর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আনছে আফগানিস্তান
এপিএল আনছে আফগানিস্তান। ছবি: এসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নতুন একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেটে বোর্ড (এসিবি)। দেশের মাটিতে নয়, এই টুর্নামেন্ট তারা আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাতে। 

এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ শহরের নামে টুর্নামেন্টে থাকবে পাঁচ দল। আগামী অক্টোবরে হতে পারে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর।

সাত বছর আগে, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ চালু করে এসিবি। ওই বছরের শেষ দিকে মাঠে গড়ায় প্রথম আসর। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শাহিদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা খেলেন সেখানে।

কিন্তু খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে জটিলতায় সেই আসরের পর আর হয়নি টুর্নামেন্টটি। এবার পুরনো নামে নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ আনছে এসিবি।

২০২৬ সালের জুন-জুলাইয়ে টুর্নামেন্টের ড্রাফট হতে পারে। এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ মনে করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন আফগান ক্রিকেটাররা। 

“আফগানিস্তান প্রিমিয়ার লিগ আমাদের ক্রিকেট যাত্রায় একটি অর্থবহ পদক্ষেপ। এটা আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বিশ্বব্যাপী আফগানিস্তানের ক্রিকেটকে তুলে ধরার সুযোগ করে দেবে। আমরা এপিএলকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে খেলার উন্নতি এবং ঐক্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে দেখি।”