১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদায়ী ওয়ানডেতে বিধ্বংসী ব্যাটিংয়ে ৯৮ বলে ১৫৮ হিলির

রেকর্ড আর অর্জনে ঝলমেলে ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি অসাধারণ ইনিংস খেলে রাঙালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি।

বিদায়ী ওয়ানডেতে বিধ্বংসী ব্যাটিংয়ে ৯৮ বলে ১৫৮ হিলির
বিদায়ী ওয়ানডে ইনিংসেও রঙিন অ্যালিসা হিলি। ছবি: অস্ট্রেলিয়া উইমেন'স ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 06:29 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

মাঠে নামার সময় ভারতীয় দলের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেলেন অ্যালিসা হিলি। সীমিত ওভারের ক্রিকেটে শেষ দিনটিতে তার ভেতরটাও আর্দ্র হয়ে উঠেছিল নিশ্চয়ই। চোখ কি সিক্ত হয়েছিল? বলা কঠিন। তবে ২২ গজে নেমে তিনি বরাবরের মতোই পেশাদার। ব্যাটকে তরবারি বানিয়ে যেন স্রেফ কচুকাটা করলেন ভারতীয় বোলারদের। রঙিন পোশাকে শেষ আন্তর্জাতিক ম্যাচটি রাঙালেন অসাধারণ এক ইনিংস খেলে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রোববার হোবার্টে ৯৮ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন হিলি।

সীমিত ওভারের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জনে টইটম্বুর ক্যারিয়ার তার। শেষ ম্যাচটিতেও আঁকিবুকি করলেন তিনি রেকর্ডের পাতায়।

উইমেন’স ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি উপহার দিলেন একাধিক দেড়শ ছোঁয়া ইনিংস। এর আগে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস। 

বেলেরিভ ওভালে এ দিন ইনিংসের শুরুতে খুব বিধ্বংসী ছিলেন না হিলি। বলপ্রতি রান তুলে ফিফটি করেন ৪৯ বলে। এরপর অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকেন। পরের পঞ্চাশে বল লাগে ৩০টি। 

৭৯ বলে স্পর্শ করেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। 

পরের সময়টায় তিনি স্রেফ তাণ্ডব চালান। একশ থেক দেড়শতে যেতে বল খেলেন মাত্র ১৬টি!

ওয়ানডেতে দুবার দেড়শ ছুঁয়েছেন তার আগে কারেন রোল্টন, চামারি আতাপাত্তু, সুজি বেটস, ট্যামি বাউমন্ট ও লরা উলভার্ট। 

দেড়শ পেরিয়ে অবশ্য বেশি দূর যেতে পারেননি হিলি। আউট হন একটু বিচিত্রভাবে। স্নেহ রানার ফুল টসে লাইন মিস করে যখন বোল্ড হন, ইনিংসের ১৩ ওভারের বেশি বাকি তখনও।

এটি যদি শেষ পর্যন্ত তার শেষ ওয়ানডে হয়েই থাকে, একটি রেকর্ডও তার সঙ্গী থাকবে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস এটিই। দক্ষিণ আফ্রিকার জোহমারি লগটেনবার্গের ১৫৩ ছিল আগের সর্বোচ্চ। 

হিলির ্‌েই ১৫৮ রানের ইনিংসে ২ ছক্কার সঙ্গে চার ২৭টি। উইমেন’স ওয়ানডেতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ চারের রেকর্ড এটি।

২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের ইনিংসে ২৭টি চার মেরেছিলেন ভারতের দিপ্তি শার্মাও। রেকর্ডটি নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কারের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে ২৩২ রানের রেকর্ড গড়া ইনিংসে ৩১টি চার মেরেছিলেন তিনি।

হিলির পাশাপাশি ভারতের বিপক্ষে এ দিন সেঞ্চুরি করেন বেথ মুনি। চারে নেমে ৮৪ বলে ১০৬ রানে অপরজিত থাকেন অভিজ্ঞ কিপার-ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জর্জিয়া ভল এবার করেন ৫২ বলে ৬২। শেষ দিকে ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন নিকোলা কেয়ারি।

২০ ওভারে ৪০৯ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি, চারশ ছোঁয়া তৃতীয় স্কোরও। 

সর্বোচ্চ ৪১২ তুলেছে তারা দুবার। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে, গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে। 

নারী ওয়ানডেতে সর্বোচ্চ চারবার চারশ ছুঁয়েছে নিউ জিল্যান্ড।

ভারতের বিপক্ষে এই সিরিজে প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে রানের পাহাড় গড়ে ১৮৫ রানের জয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে তারা।

শেষ দিকে দর্শকদের তুমুল উল্লাসে ভাসিয়ে বোলিংয়ে আসেন হিলি। ২৯৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার হাত ঘোরালেন তিনি এই ম্যাচেই। ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট অবশ্য পাননি। 

আগামী শুক্রবার থেকে পার্থে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী তারকা।