অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত, আইসিসির ব্যাখ্যা চায় পাকিস্তান
লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের বদলে হুট করে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত।
খেলা হচ্ছে পাকিস্তানে। মুখোমুখি দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শুরুর আগে বেজে উঠল কি না ভারতের জাতীয় সংগীত! চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমুল আলোচিত-সমালোচিত এই ঘটনা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ম্যাচের আগে ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানো হয় ঠিকমতোই। এরপর যখন অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পালা, টিভি পর্দায় দেখানো হচ্ছে পতপত করে উড়তে থাকা অস্ট্রেলিয়ার পতাকা, একটু অপেক্ষার পর তখন হুট করেই বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত।
‘ভারত ভাগ্য বিধাতা’ বেজে উঠেই আবার বন্ধ হয়ে যায়। স্রেফ দুই সেকেন্ডের মতো শোনা যায় তা। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভেসে আসে গ্যালারি থেকে। লোকজনের হুল্লোড় শোনা যায়। মুহূর্তেই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আলোচনা-সমালোচনা, হাস্যরস, বিতর্কের ঝড় বইতে থাকে।
৮-১০ সেকেন্ড পরই অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বেজে ওঠে। তবে যা হওয়ার, আগেই তো হয়ে গেছে!
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, পুরো ব্যাপারটিতে অসন্তুষ্ট পিসিবি। তারা দায় দিচ্ছেন আইসিসিকে। পিসিবির একজন কর্মকর্তা এই ওয়েবসাইটকে জানান, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট তৈরি করা, বিতরণ করা ও ম্যাচের আগে তা নিয়মমতো বাজানো, সব দায়িত্বই আইসিসির।
ভুল করেই এমনটি হয়েছে বলে অনুধাবন করতে পারছে পিসিবি। তবে তার পরও তাদের প্রশ্ন আছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে প্লেলিস্টে ভারতের জাতীয় সংগীত রাখতে হবে কেন, এটিই তাদের প্রথম প্রশ্ন। ভারত তাদের কোনো ম্যাচই পাকিস্তানে খেলছে না। পুরো ব্যাপারটি তারা জানতে চেয়েছেন আইসিসির কাছে।
এই নিয়ে দুই দিনের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান ঘটনা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা দাবি করল পাকিস্তান। এর আগে দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে অফিসিয়াল টিভি সম্প্রচারে টুর্নামেন্টের লোগোতে পাকিস্তানের নাম ছিল না। টিভি পর্দার ওপরের দিকে বাঁ পাশে যেখানে টুর্নামেন্টের লোগো প্রদর্শন করা হয় পুরো সময়, সেখানে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ থাকলেও স্বাগতিক পাকিস্তানের নাম দেখা যায়নি গোটা ম্যাচেই।
আইসিসি পরে জানায় যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে অমনটি হয়েছে এবং তারা নিশ্চয়তা দেয়, সামনের কোনো ম্যাচে পুনরাবৃত্তি হবে না। যদিও সেই ব্যাখ্যায় পিসিবি সন্তুষ্ট ছিল না বলেই খবর এসেছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে।
ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও জানা যায়নি আইসিসির কাছ থেকে।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এই প্রথমবার মুখোমুখি হয়েছিল পাকিস্তানের মাঠে। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক ছিল ২৬ হাজার ২৩২ জন।
টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা ম্যাচটিও উপহার দেয় দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড ৩৫১ রান তোলে ইংল্যান্ড। সেই রান টপকে ম্যাচ জিতে আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
