৫৪ রানেই শেষ বাংলাদেশ, টেস্ট সিরিজের আগে অশনি সংকেত
ডারউইনে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে হেরে গেছে বাংলাদেশ।
স্কোরকার্ড দেখে চোখ কচলে তাকাতে পারেন অনেকে। অনেকেই গুনতে পারেন প্রমাদ। এমনিতে প্রস্তুতি ম্যাচে অনেক কিছুই হয়ে থাকে, যেগুলো খুব গুরুত্ব না দিলেও চলে। তবে এবার যা হলো, সেটিকে আমলে নেওয়া তো বটেই, বলা যায় ১০ নম্বর মহাবিপদ সংকেত!
ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে স্রেফ ৫৪ রানেই। তিন দিনের ম্যাচে সাধারণত জয়-পরাজয় বের হয় কমই। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচটিতে নাজমুল হোসেন শান্তর দল হেরে গেছে ইনিংস ও ৩৮ রানে! তৃতীয় দিনে প্রথম সেশন শেষ হওয়ার আগেই খেলা শেষ!
প্রস্তুতি ম্যাচ হওয়ায় ৮ জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। তার পরও এভাবে বিধ্বস্ত হলো ব্যাটিং লাইন আপ।
বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেওয়ার অস্ট্রেলিয়ান নায়ক ক্যাম্পবেল থমসন। আগের দিন শেষ বিকেলে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। বাঁহাতি এই পেসারের শিকার শেষ পর্যন্ত ২৫ রানে ৮ উইকেট!
অথচ ২২ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন স্রেফ একটি। এই ম্যাচটি খেললেন তিনি হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সাড়ে পাঁচ মাস পর ফিরে।
প্রায় আনকোরা থমসনের সামনে এই পারফরম্যান্সের পর টেস্টে মিচেল স্টার্কের বাঁহাতি পেস সামলানো নিয়ে শঙ্কা এখন জেগে উঠছে প্রবলভাবেই। সঙ্গে জশ হেইজেলউড ও প্যাট কামিন্স তো আছেই।
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান করেন ২২ রান। আর কোনো ব্যাটসম্যান ৭ রানও করতে পারেননি। অতিরিক্তিসহ বাকি সবাই মিলে রান করেন ৩২।
মারারা ওভালের উইকেট এমন ভয়ঙ্কর কিছু ছিল না। খুব বেশি বাউন্সও ছিল না। বাংলাদেশ মূলত ভুগেছে থমসনের হালকা সুইং ও স্কিড করা ডেলিভারিগুলোয়। ব্যাটসম্যানদের টেকনিকের পরীক্ষাও নিয়েছেন এই পেসার।
আগের দিন বিকেলেই জোড়া শিকার করেছিলেন থমসন। পুল করে উইকেট হারিয়েছিলেন সাদমান ইসলাম, ডিফেন্স করার চেষ্টায় বোল্ড হয়েছিলেন মুমিনুল।
প্রথম ইনিংসে আট নম্বরে নামা সৌম্য সরকারকে এবার নামানো হয় চারে। দিনের শুরুতে তাকে খেলিয়ে হয়তো ওপেনিংয়ের জন্য দাবি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু থমসনের বলে আউট তিনি ৬ রানেই। অফ স্টাম্পের বেশ বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে ক্যাচ দেন স্লিপে।
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মুশফিকুর রহিম এবার ফিরেছেন ২ রানে। থমসনের ভেতরে ঢোকা বল লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে।
থমসনের পরের শিকার ২ চার ও ১ ছক্কায় ২২ করা তানজিদ। তার আউটও অনেকটা মুশফিকের মতোই, অন সাইডে খেলার চেষ্টায় ভারসাম্য হারিয়ে। শুধু বোল্ডের বদলে হয়েছেন এলবিডব্লিউ। বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
বাঁহাতি পেসারের উইকেট শিকারের উৎসবের ফাঁকে কোরি রকিচ্চলিও ছাপ রেখেছেন ঠিকই। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া অফ স্পিনার এবার চার ওভার বোলিং করেই আউট করেছেন অমিত হাসান ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজকে।
এরপর টানা দুই বলে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন থমসন। শেষ ৫ উইকেটের পতন হয় স্রেফ ৯ রানের মধ্যে।
ডারউইনে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। মাঝের চারদিনে এই ক্ষত সারিয়ে টেস্টে লড়াইয়ের পথ খুঁজতে হবে বাংলাদেশকে। পুরো ফিট হয়ে ওঠার পথে থাকা লিটন কুমার দাসকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাও নিশ্চিতভাবে তীব্রতর করবে প্রস্তুতি ম্যাচের এই পারফরম্যান্স।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৩
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১ম ইনিংস: ৩৫৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ৫৪ (আগের দিন ১৯/২) (তানজিদ ২২, সাদমান ৬, মুমিনুল ৬ সৌম্য ৫, মুশফিক ২, অমিত ৪, শান্ত ০, মিরাজ ৬, হাসান ২*, তাসকিন ০, ইবাদত ০; থমসন ১১-২-২৫-৮, জ্যাকবস ৭-১-২২-০, রকিচ্চলি ৪-১-৬-২)।
ফল: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ইনিংস ও ৩৮ রানে জয়ী।
