ভারতীয় ক্রিকেট
Published : 08 Dec 2025, 03:23 PM
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ, কিছুটা চাপে থাকাই স্বাভাবিক। কিন্তু সে সবের কিছু যেন স্পর্শ করল না অমিত পাসিকে। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে ভাগ বসালেন বিশ্ব রেকর্ডে।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সোমবার নিজের প্রথম ম্যাচে ইনিংস শুরু করতে নেমে ১৮তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন অমিত। সার্ভিসেসের বিপক্ষে ১১৪ রানের চমৎকার ইনিংস খেলেন বারোদার ব্যাটসম্যান। তার ৫৫ বলের ইনিংসটি সাজানো ৯ ছক্কা ও ১০ চারে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে যা সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ঠিক ১১৪ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিলাল আসিফও।
এই সংস্করণে অভিষেকে সেঞ্চুরি আছে আরও আট জনের।
হায়দরাবাদে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে একপ্রান্তে দলকে টানেন ২৬ বছর বয়সী অমিত। ২৪ বলে ফিফটি স্পর্শ করেন এই কিপার-ব্যাটসম্যান।
পঞ্চাশের পর আরও আগ্রাসী হয়ে ওঠে অমিত। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে তার লাগে ২০ বল। কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান তিনি ৪৪ বলে। ১৮তম ওভারে আভিশেক তিওয়ারির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন অমিত।
বারোদা অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৫ রান করেন। ১ ছক্কা ও ৩ চারে ১৫ বলে অপরাজিত ২৮ রান করেন ভানু পানিয়া। তাতে ২০ ওভারে ২২০ রান তোলে বারোদা।
রান তাড়ায় টপ অর্ডার তিন ব্যাটসম্যানের চমৎকার ব্যাটিংয়ে লড়াইটা ভালোই জমায় সার্ভিসেস। তাদের দুই ওপেনার স্পর্শ করেন ফিফটি। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০৭ রান পর্যন্ত করতে পারে তারা।