২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছর বয়সী ব্যাটারের ১৬ ছক্কা ও ৪২ চারে ৩৪৬

ইরা যাদবের তাণ্ডবে অনূর্ধ্ব-১৯ উইমেন’স ওয়ানডে ট্রফিতে প্রথম দল হিসেবে ৫০০ রান করেছে মুম্বাই।

১৪ বছর বয়সী ব্যাটারের ১৬ ছক্কা ও ৪২ চারে ৩৪৬
সাদা বলে ভারতীয় নারী ব্যাটারদের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ইরা যাদব। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

ব্যাট হাতে ঝড় তুলে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন ইরা যাদব। খুনে ব্যাটিংয়ে ১৪ বছর বয়সী ক্রিকেটার উপহার দিয়েছেন চমৎকার এক ট্রিপল সেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটে এর আগে যে ঠিকানায় পা পড়েনি আর কোনো ভারতীয় নারী ক্রিকেটারের।

অনূর্ধ্ব-১৯ উইমেন’স ওয়ানডে ট্রফিতে রোববার এই রেকর্ডগড়া ইনিংস খেলেন ইরা। মেঘালয়ার বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে ১৫৭ বলে ৩৪৬ রান করে অপরাজিত থাকেন মুম্বাইয়ের ব্যাটার। তার ২২০.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ৪২ চার ও ১৬ ছক্কায়।

সাদা বলে ভারতীয় নারী ব্যাটারদের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়া ইরা যদিও পারেননি বিশ্বরেকর্ড ভাঙতে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দক্ষিণ আফ্রিকার লিজেল লির। ২০১০ সালে ৪২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

ইরার বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান করেন মুম্বাই। এই টুর্নামেন্টে ৫০০ রান করা প্রথম দল তারা। সেঞ্চুরির স্বাদ পান দলটির অধিনায়ক হার্লি গালাও; ৭৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় উইকেটে গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন ইরা, যেখানে তার অবদান ৭১ বলে ১৪৯। পরে দিকশা পাওয়ার সঙ্গে ইরার যুগলবন্দিতে আসে ১৮৬ রান। সেখানেও অগ্রণী তিনি, জুটিতে তার অবদান ৫০ বলে ১৩৭ রান।

ইরার তাণ্ডবে উড়ে যাওয়া মেঘালয়ার তিন বোলার দেন ১০০ বা তার বেশি রান।

লক্ষ্য তাড়ায় কোনো লড়াই-ই করতে পারেনি মেঘালয়া। রান পাহাড়ে চাপা পড়ে তারা গুটিয়ে যায় কেবল ১৯ রানে। ৫৪৪ রানের বিশাল জয় পায় মুম্বাই।

ভারতীয় ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি ও আজিত আগারকার যে স্কুলে পড়েছেন, সেই শারদাশরাম বিদ্যামন্দির ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ইরা।

২০২৫ উইমেন’স প্রিমিয়ার লিগের নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারদের একজন হিসেবে নাম দিয়েছিলেন ইরা। কিন্তু ডানহাতি এই ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে ইরাকে। আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় হবে মেয়েদের বয়সভিত্তিক এই বৈশ্বিক টুর্নামেন্টের দ্বিতীয় আসর।