১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বেথেলের আইপিএল শেষ, লর্ডস টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুত হতে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের হাতে দুই সপ্তাহেরও কম সময় আছে।

বেথেলের আইপিএল শেষ, লর্ডস টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা
আইপিএল অভিযান ব্যাট হাতে ভালো কাটেনি জ্যাকব বেথেলের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

আঙুলের চোটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের প্লে-অফে খেলতে পারবেন না জ্যাকব বেথেল। ইংল্যান্ডের এই টপ-অর্ডার ব্যাটসম্যান দেশে ফিরে যাবেন। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়েও সংশয় জেগেছে।

গত রোববার ধারামসালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে বেঙ্গালুরুর জয়ের ম্যাচে শেষ ওভারে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় বেথেলের বাঁ হাতের অনামিকায় চোট লাগে। ফলে শুক্রবার প্রাথমিক পর্বে বেঙ্গালুরুর শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি খেলতে পারেননি। তাকে ডাগআউটে বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, তারা বেঙ্গালুরুর সঙ্গে একমত হয়েছে যে বেথেলের দেশে ফেরা উচিত। দেশে ফেরার পর ইংল্যান্ড দলের চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করবে, যাতে লর্ডসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ জুন শুরু প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা মূল্যায়ন করা যায়।

আসন্ন টেস্টে বেথেলের তিন নম্বরে ব্যাট করার কথা। গত জানুয়ারিতে ইংল্যান্ডের সবশেষ টেস্ট ইনিংসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে প্রথম সেঞ্চুরি করেন তিনি।

তবে বেঙ্গালুরুর হয়ে তার আইপিএল অভিযান একদম ভালো কাটেনি। শুরুর দিকে খেলারই সুযোগ পাননি। পরের দিকে সাত ইনিংসে রান করেছেন কেবল ৯৬।