‘আফ্রিদিকে দেরিতে ইংল্যান্ড পাঠিয়ে অপরাধ করেছে পিসিবি’
মোহাম্মদ হাফিজের মতে, শুরুতেই এই পদক্ষেপ না নিয়ে সময় নষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শাহিন শাহ আফ্রিদির চোট সারিয়ে তুলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেরিতে পদক্ষেপ নেওয়ায় ক্ষেপেছেন মোহাম্মদ হাফিজ। দেশটির সাবেক এই অলরাউন্ডারের মতে, আফ্রিদিকে অনেক দেরিতে ইংল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অপরাধের সমতুল্য কাজ করেছে বোর্ড।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন আফ্রিদি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন এই পেসার। খেলতে পারেননি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। এশিয়া কাপেও আছেন দলের বাইরে। কদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে।
এতদিন দলের সঙ্গে থেকেই আফ্রিদির চোট পরিচর্যার কাজ চলছিল। পুনবার্সন প্রক্রিয়া নির্বিঘ্নে পরিচালনার জন্য স্কোয়াডে না থাকলেও নেদারল্যান্ডস সফরের পর দুবাইয়েও তাকে রাখা হয় এশিয়া কাপের দলের সঙ্গে।
তবে এই পরিকল্পনা থেকে সরে আসে পিসিবি। মঙ্গলবার তারা জানায়, আরও ভালো পুনর্বাসনের জন্য আফ্রিদিকে লন্ডনে পাঠানোর কথা। দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে বিশ্বকাপে পেতে মরিয়া পিসিবি। তাই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
পিটিভি স্পোর্টসে হাফিজ বললেন, আরও আগে নেওয়া উচিত ছিল এই পদক্ষেপ। তার মতে, আফ্রিদি শুধু পাকিস্তানের নয়, বিশ্বের সম্পদ। তাই ২২ বছর বয়সী এই পেসারের যত্ন নেওয়া উচিত পিসিবির।
“শাহিনের বিষয়টি (চোট) যেভাবে সামলানো হয়েছে, সেটা আমার কাছে খারাপ লাগছে। ক্রিকেট বিশ্ব তাকে মাঠে দেখতে চায়। তাই আমাদের উচিত তার সঠিক যত্ন নেওয়া।…এটা তো পরিষ্কার যে শাহিন কয়েক সপ্তাহ ধরে চোটে ভুগছে আর এই সময়টা নষ্ট হয়েছে। এটা অপরাধমূলক কাজ।”
“সে এখন ইংল্যান্ডে গেছে, সিদ্ধান্তটি কেন ৮ সপ্তাহ আগে নেওয়া গেল না? শুরুতেই তার রোগ নির্ণয় করা উচিত ছিল এবং তাৎক্ষনিকভাবে তাকে সেরা পুনর্বাসনে পাঠানো উচিত ছিল। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টিই দুর্ভাগ্যজনক। কারণ পাকিস্তানে আমরা নিজেদের চিকিৎসা সুবিধা উন্নত করতে পারিনি।”
বর্তমানে পাকিস্তান দলের সেরা পেসারদের একজন আফ্রিদি। তিন সংস্করণেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এখন পর্যন্ত খেলেছেন ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট ২০৮টি।
