২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দায়িত্ব নিয়ে গ্লোবাল সুপার লিগে সোহানের রংপুর রাইডার্স

গায়ানায় গ্লোবাল সুপার লিগে ভালো করে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরতে চান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

দেশের দায়িত্ব নিয়ে গ্লোবাল সুপার লিগে সোহানের রংপুর রাইডার্স
অনুশীলনে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক নুরুল হাসান সোহান। ছবি: রংপুর রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 04:38 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

মঞ্চের ব্যানারে লাল অক্ষরে লেখা ‘ফার্স্ট টাইম এভার।’ সবার কথাতেও ঘুরেফিরে এলো এই কথাটিই। রংপুর রাইডার্স যদিও একটি ফ্র্যাঞ্চাইজি দল, টুর্নামেন্টও ফ্র্যাঞ্চাইজি দলগুলি নিয়েই, তবে গ্লোবাল সুপার লিগে তারা তো বাংলাদেশের প্রতিনিধি। সেই দায়িত্বকে হৃদয়ে ধারণ করেই ভালো কিছু করার প্রত্যায় শোনালেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিভিন্ন দেশের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের নিয়ে একসময় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চারু হয়েছিল। ২০০৯ সালে শুরু হওয়া সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে ২০১৪ সালের পর। অনেকটা সেই ধারণা নিয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানা আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। সেটিরই প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স।

চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় পরিসরে অবশ্য হচ্ছে না এটি। প্রথম আসরে অংশ নিচ্ছে ৫টি দল। রংপুর রাইডার্স ছাড়াও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও পাকিস্তানের লাহোর কালান্দার্স।

২৬ নভেম্বর শুরু টুর্নামেন্ট। লিগ পর্বে সব দল পরস্পরের সঙ্গে খেলবে একবার করে। শীর্ষ দুই দল ফাইনালে লড়বে ৭ ডিসেম্বর। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পবে ৫ লাখ ডলার, রানার্স আপ দল আড়াই লাখ ডলার। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ২৫ হাজার ডলার করে।

বাংলাদেশ থেকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। তবে তারা অংশ নিতে অপারগতা জানায়। গত আসরের রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো এবার দলই গড়ছে না দেশের রাজনৈতিক পালাবদলের পর। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের কাছে যেতেই সুযোগটি তারা লুফে নেয়। 

এই টুর্নামেন্টের জন্য কয়েক দিন আগেই দল ঘোষণা করেছেন দলটি। তাদের বিপিএল অধিনায়ক নুরুল হাসান সোহান নেতৃত্ব দিচ্ছেন এখানেও। আগামী বিপিএলের জন্য দলে নেওয়া সৌম্য সরকার, সাইফ হাসান, সাইফ উদ্দিন, শেখ মেহেদি হাসানদের পাশাপাশি গ্লোবাল সুপার লিগের জন্য রিশাদ হাসেন, আফিফ হোসেন, আরাফাত সানির মতো কয়েকজনকে দলে যোগ করেছে তারা।

বিদেশী ক্রিকেটার হিসেবে তাদের সঙ্গী হচ্ছেন ইংলিশ অলরাউন্ডার জ্যাক চ্যাপেল, কাউন্টিতে অনেক বছরের খেলার অভিজ্ঞতাসম্পন্ন ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েন ম্যাডসেন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ইতালির হয়ে, ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান স্টিভেন টেইলর ও বাঁহাতি স্পিনার হারমিত সিং। আগে ঘোষিত দলের সঙ্গে পাকিস্তানের খুশদিল শাহকেও যোগ করেছে তারা।

আগামী বিপিএলে তাদের কোচ মিকি আর্থার গায়ানায় দলের সঙ্গে যোগ দেবেন এই আসরের জন্যও। 

এই টুর্নামেন্টের জন্য কয়েক দিন ধরেই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার দুপুরে রংপুর অধিনায়ক সোহানকে পাশে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন বললেন, বাংলাদেশ ক্রিকেটের মর্যাদাকে সঙ্গী করেই এই আসরে যাচ্ছে রংপুর রাইডার্স। 

“আমাদের একটা দল, বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে, দলীয় পারফরম্যান্সের কথা যদি বলি।”

“আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় যাচ্ছে এখানে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদেরকে প্রতিনিধিত্ব করছে, তা নয়। তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বড় যদি বলি, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করব, তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে এবং আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে করবে।”

দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের অনুশীলন জার্সিতেও কিছুটা পরিবর্তন এনেছে রংপুর। এমনিতে তাদের জার্সিতে নীলের প্রাধান্য থাকে বেশি। তবে গ্লোবাল সুপার লিগের জন্য তাদের অনুশীলন জার্সি ডিজাইন করা হয়েছে লাল-সবুজে। ম্যাচ জার্সি অবশ্য আগের মতোই থাকছে। 

বাংলাদেশের দল হিসেবে বাড়তি তাগিদ অনুভব করছেন নুরুল হাসান সোহান। সুযোগটাকে নানাভাবে কাজে লাগানোর প্রত্যয় শোনালেন রংপুর অধিনায়ক। 

“আমার কাছে মনে হয়, এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।”

“পাশাপাশি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার জন্য, যাতে ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এ রকম সুযোগ আরও আসে এবং আমাদের ক্রিকেটাররা আরও এসব জায়গায় খেলতে পারে।”

ক্রিকেটারদের প্রায় সবাই অবশ্য ব্যস্ত ছিলেন বড় প্রথম শ্রেণির ক্রিকেট আসর জাতীয় লিগ। সেখান থেকে গত চার দিন তারা টি-টোয়েন্টির প্রস্তুতি নিয়েছেন। গায়ানায় গিয়ে কয়েক দিনের অনুশীলন সেশন আছে। টুর্নামেন্টের আগে দল প্রস্তুত হয়ে উঠবে বলেই বিশ্বাস সোহানের।

“ওখানে গিয়ে তিন-চার দিন অনুশীলনের টা সুযোগ পাব আমরা। আমি শেষ ওয়ানডে সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে, সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন-চারদিন অনুশীলনের সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।”

সম্প্রতি ব্যাটিং কোচ হিসেবে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক এই ক্রিকেটার আগেই বলেছেন, এই আসরে অন্তত ফাইনাল খেলতে চান তারা। তবে ফলাফল শেষ পর্যন্ত যেমনই হোক, এই অভিজ্ঞতাকে ভবিষ্যতের জন্য বড় সঞ্চয় মনে করছেন অধিনায়ক সোহান।  

“অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। এবার এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে। সব মিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারব।”

“টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলব, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন, সব বাড়বে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারব। ওই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।”

টুর্নামেন্টে খেলতে রংপুরের প্রথম ভাগের দলটি দেশ ছাড়বে সোমবার। পরের ভাগ রওনা হবে আগামী বৃহস্পতিবার। 

রংপুরের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে। 

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র), ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড), খুশদিল শাহ (পাকিস্তান)।