২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন স্টার্ক

অ্যাশেজ সিরিজের পর শারীরিকভাবে কেমন অনুভব করেন স্টার্ক, সেটার ওপর নির্ভর করবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলা।

১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন স্টার্ক
সিডনি সিক্সার্সের জার্সিতে মিচেল স্টার্ক। ছবি: সিডনি সিক্সার্স এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় জাতীয় দলের একটি সংস্করণের ব্যস্ততা কমে গেছে মিচেল স্টার্কের। তাই বিগ ব্যাশের আসছে আসর দিয়ে এই টুর্নামেন্টে এক দশকের বেশি সময় পর ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার।

২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের উদ্বোধনী আসরে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন স্টার্ক। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফাইনালে ২ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। ওই ঘরোয়া মৌসুমেই টেস্ট অভিষেক হয়েছিল তার। 

পরের তিন আসরেও বিগ ব্যাশে দেখা গেছে তাকে। তবে খেলেছিলেন কেবল ৪ ম্যাচ। জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত হতে পারেননি তিনি। বিগ ব্যাশে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলে তার প্রাপ্তি ২০ উইকেট।

গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে হুট করে বিদায় বলে দেন স্টার্ক। তাই আসছে অ্যাশেজ সিরিজের পর জাতীয় দলের হয়ে তার ব্যস্ততা নেই। এই সময়টায় বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী এই পেসার।

তবে সবকিছু নির্ভর করছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী সিরিজটির পর তার শারীরিক অবস্থার ওপর।

“এই পর্যায়ে (অ্যাশেজের) পঞ্চম টেস্ট ও আইপিএলের মাঝে আমার ক্রিকেটের কোনো ম্যাচ নেই। তাই এই সময় বিগ ব্যাশে কিছু ম্যাচ খেলার দারুণ সুযোগ, ১৫ মৌসুম ধরে আমি সিক্সার্সের ছোট একটি অংশ, তাই খেলোয়াড়ের সম্ভাব্য ভূমিকায় ফিরে আসতে পারা হবে দারুণ ব্যাপার।”

আগামী ২১ নভেম্বর শুরু হবে অ্যাশেজ সিরিজ। আর ১৪ ডিসেম্বর পর্দা উঠবে বিগ ব্যাশের।

সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু ৪ জানুয়ারি। পাঁচ দিন খেলা হলে, ম্যাচটি শেষ হবে ৮ জানুয়ারি। বিগ ব্যাশের প্রাথমিক পর্বে তাই তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন স্টার্ক; ১১, ১৬ ও ১৮ জানুয়ারি। 

সিডনি সিক্সার্স পরের রাউন্ডে জায়গা করে নিলে সেখানেও খেলতে পারবেন তিনি। আসরের কোয়ালিফায়ার ম্যাচ হবে ২০ জানুয়ারি, পরদিন মাঠে গড়াবে নকআউট লড়াই। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জার ম্যাচ। ফাইনাল হবে ২৫ জানুয়ারি।