২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের নির্বাচন শেষেই ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান’

ভারতের সাবেক পেসার ও সাবেক প্রধান নির্বাচক চেতান শার্মার মতে, পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রাজনীতি ছাড়া কিছুই নেই।

‘বাংলাদেশের নির্বাচন শেষেই ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান’
সাবেক পেসার চেতান শার্মা ভারতের প্রধান নির্বাচকও ছিলেন। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 01:35 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, এর পেছনে রাজনীতি ছাড়া কিছুই দেখছেন না চেতান শার্মা। ভারতের সাবেক পেসার ও সাবেক প্রধান নির্বাচকের মতে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই ঘোলাটে পরিস্থিতিটি তৈরি করেছে তাদের প্রতিবেশিরা। ওই নির্বাচনের পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে বলে দৃঢ় বিশ্বাস তার।

কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। কিন্তু গত রোববার পাকিস্তান সরকার জানায়, ম্যাচটি খেলতে মাঠে নামবে না পাকিস্তান দল। 

তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে একমাত্র কারণ যে বাংলাদেশ, তা সরাসরিই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

এর পেছনে স্পষ্ট রাজনীতি দেখতে পারছেন চেতান শার্মা। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে ভারতের সাবেক পেসার বলেন, এরপরই উল্টে যাবে পাকিস্তানের অবস্থান।

“বাংলাদেশের খেলোয়াড়দের কি দোষ ছিল? কিছুই না। এটা রাজনীতি। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরপর আপনারা একটি ‘ইউ-টার্ন’ দেখতে পারবেন। তখন বিবৃতি আসবে—‘জনগণের অনুভূতির কথা বিবেচনা করে, ক্রিকেটের ক্ষতি হওয়া উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।’ এই অবস্থানটা আসলে শুধু বাংলাদেশের নির্বাচনকে ঘিরেই। আমি নিজেও একজন রাজনীতিবিদ ছিলাম, নির্বাচনেও লড়েছি। নির্বাচনের পর হয়তো এমনকি সেনাপ্রধানও বলবেন—খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত এবং ম্যাচটি হওয়া উচিত।”

বিশ্বকাপ নিয়ে এমন জটিল পরিস্থিতির শুরুটাও ছিল রাজনৈতিক। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড।

এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এই সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তারপর আসে পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত।

সিদ্ধান্তটি পাকিস্তান সরকারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি। পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বিশ্বাসযোগ্য মনে করছেন না ভারতের হয়ে ২৩ টেস্ট ও ৬৫ ওয়ানডে খেলা চেতান।

“এখন পর্যন্ত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছুই জানায়নি। আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া এসব বক্তব্যের কোনো মূল্য নেই। যে কেউ অবসরের ঘোষণা দিতে পারে—কিন্তু তা আনুষ্ঠানিকভাবে জমা না দিলে কিছুই বদলায় না। এখানে আসলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রিকেট আর ক্রিকেটাররাই।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে শনিবার।