২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাঙ্কেলে চোট পেয়ে হাসপাতালে সাইম

ফিল্ডিংয়ের সময় তরুণ ওপেনারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

কেপ টাউন টেস্টের প্রথম সকালে দুর্ঘটনার শিকার হয়েছেন সাইম আইয়ুব। ফিল্ডিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে তার। পাকিস্তানের তরুণ ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে হাসপাতালে।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের ঘটনা এটি। রায়ান রিকেলটনের ব্যাটের কানা নিয়ে বল স্লিপ দিয়ে বাউন্ডারির দিকে যাচ্ছিল। বলের পেছনে দৌড় দেন আমের জামাল ও সাইম। বাউন্ডারি বাঁচিয়ে বল পেছনের দিকে ঠেলে দেন জামাল। দৌড়ের মধ্যে থাকা সাইম বল ধরতে থেমে যান।

আর তাতেই বাঁধে বিপত্তি। পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেন সাইম। তাতে মচকে যায় তার অ্যাঙ্কেল। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। কাতরাতে থাকেন ব্যথায়। তাৎক্ষণিকভাবে মাঠে ঢুকে তার অবস্থা পর্যবেক্ষণ করেন ফিজিও।

পরে দুইজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সাইম। ডান পায়ে ভরই দিতে পারছিলেন না তিনি। বাউন্ডারি লাইনের বাইরে দীর্ঘ সময় চলে তার চিকিৎসা। এরপর স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় বাইরে। আপাতত হাসপাতালে চলছে তার চিকিৎসা।

সাইমের চোটের অবস্থা নিয়ে এখনও কিছু জানায়নি পাকিস্তান।

গত কয়েক মাস ধরে দারুণ ছন্দে আছেন সাইম। চলতি দক্ষিণ আফ্রিকা সফরেও চমৎকার কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারানো ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় এই বাঁহাতি ব্যাটসম্যান।