২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বহুল আলোচিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। পরিচালক নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ওইদিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।

বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। বিভিন্ন ক্যাটেগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হয়। সেই পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়ে থাকে।

গত কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের পাশেপাশে। তবে এবার ভোটারের সংখ্যা বাড়বে।

কাউন্সিলর মনোনয়নের সময় প্রশ্নবিদ্ধভাবে দুই দফা বাড়ানোর পর শেষ সময় ঠিক করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পর এদিন সন্ধ্যায়ই বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন করা হবে কাউন্সিলর তথা ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।

খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই আপত্তির ওপর শুনানির সময় বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়।

মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা। মনোনয়ন দাখিলের সময় আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানির জন্য নির্ধারিত আছে পরের দিনটি।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওই দিন দুপুর ১২টায়।

৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে হবে পরিচালক পদের ভোটগ্রহণ। ফলাফল প্রকাশ সন্ধ্যা ৬টায়।

সেদিনই সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি পদে হবে নির্বাচন। রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে জানা যাবে বিসিবির নতুন সভাপতির নাম।