২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের বিপক্ষে আবেগের লড়াইয়ে হার মানবেন না স্যামসন

রাজস্থান রয়্যালস ও সাঞ্জু স্যামসন ছিলেন প্রায় সমার্থক, তবে সেই বন্ধন ছিন্ন করে এবার চেন্নাইয়ে খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 01:25 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

রাজস্থান রয়্যালস ও সাঞ্জু স্যামসন ছিলেন সমার্থক। মৌসুমের পর মৌসুমে পথচলায় তিনি হয়ে উঠেছিলেন দলটির প্রতীক। এবার সেই দলের বিপক্ষেই খেলতে হবে তাকে। আবেগেরে স্রোতে হাবডুবু খাওয়া অস্বাভাবিক নয়। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্ববকাপের নায়ক জোর দিয়েই বললেন, মাঠে নেমে আবেগের কাছে নিজেকে হারাতে দেবেন না তিনি। 

আইপিএল ক্যারিয়ারের ১৩ মৌসুমেই ১১টিতেই রাজস্থানে খেলেছেন স্যামসন। প্রথম তিন মৌসুমে এই দলে খেলার পর ২০১৬ ও ২০১৭ আসরে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসে। এরপর থেকে টানা খেলেছেন রাজস্থানে। এই দলকে নেতৃত্ব দিয়েছেন, আকাশচুম্বি পারিশ্রমিকে তাকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেই সম্পর্কের সুতো কেটে যায় গত মৌসুমে। নানা কিছু নিয়ে টানাপোড়েনের পর দল ছাড়ার সিদ্ধান্ত নেন এই কিপার ব্যাটসম্যান।

গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থানে দিয়ে ১৮ কোটি রুপিতে স্যামসনকে দলে নেয় চেন্নাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদলগুলির একটি এটি।

কাকতালীয়ভাবে, পুরোনো দল রাজস্থানের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন দল চেন্নাইয়ের হয়ে পথচলা শুরু হবে স্যামসনের। 

আবেগ যে কিছুটা থাকবে, সেটি অস্বীকার করছেন না ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। তবে খেলার সময় সেই আবেগের স্রোতকে বাঁধ দিয়ে রাখবেন বলেই জানালেন প্রত্যয়ী কণ্ঠে। 

“এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলব প্রথমবার। তবে আবেগের কাছে নুইয়ে পড়ব না আমি। রাজস্থান রয়্যালস ছেড়েছি, কারণ মনে হয়েছে ওই দলে আমার সময় শেষ। এখন তাদের মুখোমুখি হলে নিজের সেরা ক্রিকেটই মেলে ধরব।”

পুরোনো দলের প্রতি আবেগের চেয়ে নতুন দলের রোমাঞ্চই বেশি স্পর্শ করছে তাকে। আইপিএলের সবচেয়ে অনুরাগী সমর্থকগোষ্ঠীদের মধে রাখা হয় চেন্নাই সুপার কিং সমর্থকদের। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ভালোবাসার ছোঁয়াও তিনি পেয়েছেন। 

এই সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে তর সইছে না তার। মুখিয়ে আছেন তিনি মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলা ও তার কাছথেকে শেখার জন্যও। 

“আমার মনে হয় না, এত বেশি আবেগ আমাকে পেয়ে বসবে, যা আমার খেলায় প্রভাব ফেলতে পারে। তবে হ্যাঁ, ম্যাচের আগে ও পরে আবেগতাড়িত হয়ে উঠতে পারি, কারণ পরিচিত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ অনেক আছে, যাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের।”

“চেন্নাইয়ের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। ধোনি ভাইয়ের সঙ্গেও কথা বলেছি আগেও, সবসময়ই ইতিবাচক ছোঁয়া পেয়েছি। দুই মাস তার সঙ্গে কাটাতে পারা হবে অনেক কিছু দেখার ও শেখার দারুণ সুযোগ।”

“চেন্নাইয়ের দর্শকদের সমর্থন ও ভালোবাসার জোয়ার দেখে চমকে গেছি। হয়তো তারা আমাকে তাদের একজন হিসেবেই দেখছে। তাদেরকে হতাশ করতে চাই না আমি, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।”