২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিশ্বকাপের প্রাইজমানি পাচ্ছেন ওমানের ক্রিকেটাররা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের প্রাইজমানি পরিশোধ করতে রাজি হয়েছে ওমান ক্রিকেট।

অবশেষে বিশ্বকাপের প্রাইজমানি পাচ্ছেন ওমানের ক্রিকেটাররা
ওমানের ক্রিকেটারদের উদযাপন। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির অর্থ পেতে যাচ্ছেন ওমানের ক্রিকেটাররা। অনেক জলঘোলা হওয়ার পর কাশ্যাপ প্রজাপতি, ফায়াজ বাটদের পাওনা বুঝিয়ে দিতে রাজি রয়েছে ওমান ক্রিকেট।

এক বিজ্ঞপ্তি দিয়ে সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওমানের ক্রিকেট বোর্ড-ওসি। বিশ্বকাপের প্রাইজমানি প্রতিশোধের দীর্ঘ বিলম্বকে ‘প্রক্রিয়াগত’ কারণ বলে দাবি করেছে তারা। 

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে রেকর্ড ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি দিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে সর্বোচ্চ প্রায় ২৪ লাখ ৫০ হাজার ডলার।

টুর্নামেন্টে ১৩ থেকে ২০ নম্বর দলের মধ্যে থাকায় ওমানকে দেওয়া হয় ২ লাখ ২৫ হাজার ডলার। ওমান ক্রিকেট তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী জুলাইয়ের মধ্যে এই অর্থ বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষ হওয়ার ২১ দিনের মধ্যে স্কোয়াডের সদস্যের মধ্যে প্রাইজমানির অর্থ ভাগ করে দিতে হবে। যথাসময়ে আইসিসির কাছ থেকে টাকা পেলেও, ক্রিকেটারদের কিছুই দেয়নি ওমান ক্রিকেট।

টুর্নামেন্ট শেষের পর প্রাপ্ত অর্থ না পাওয়ায় বিষয়টি নিয়ে আওয়াজ তোলেন ওমানের ক্রিকেটাররা। কোনো সমাধান না পাওয়ায় ঘরের মাঠে ইমার্জিং টিমস এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত নেন তারা। তাদের দাবি পূরণ না করে উল্টো নতুন ১৫ জনকে মাঠে নামানোর হুমকি দেয় বোর্ড।

তবু ক্রিকেটাররা খেলতে রাজি হননি। তাতে ওই স্কোয়াডের ১১ জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে ওমান। তাদের বেশিরভাগই ওমান ছেড়ে চলে যান।

ওইসময় পরিস্থিতি ঘোলাটে করার জন্য খেলোয়াড়দেরই দোষারোপ করেছেন ওমান ক্রিকেটের প্রধান পাঙ্কাজ খিমজি। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ওমানের ভাবমূর্তি চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল ক্রিকেটাররা।

“খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়ার পুরো অধিকার ছিল এবং আমরা সংশ্লিষ্ট সময়সীমা সম্পর্কে স্বচ্ছ ছিলাম।”

“কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ানো-দেশের প্রতিনিধিত্ব করার কয়েক ঘণ্টা আগে-এটা কেবল দায়িত্বজ্ঞানহীনতাই ছিল না, পুরো দলের, কোচিং স্টাফের, বোর্ডের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দেশের জন্য অবমাননাকর ছিল, যাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিল তারা।”