পিএসএলে প্রতি দলের দুটি একাদশ জমা দেওয়ার ব্যতিক্রমী নিয়ম
টসের আগে দুটি তালিকা জমা দিতে পারবে প্রতিটি দল, টসের পর চূড়ান্তভাবে বেছে নেওয়া যাবে কোনো একটি একাদশ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের উদ্বোধনী ম্যাচের টসের সময় দেখা গেল কৌতূহল জাগানিয়া দৃশ্য। লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হায়দরাবাদ কিংসমেন অধিনায়ক মার্নাস লাবুশেন টসের সময় মাঠে নামলেন হাতে দুটি করে তালিকা নিয়ে। দুই কাগজে দুটি ভিন্ন একাদশ। টসের পর তারা সেই দুই তালিকা থেকে চূড়ান্ত করলেন একটি একাদশ।
এবারের পিএসএলে এই দৃশ্য দেখা যাবে নিয়মিতই। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনেই এটি যুক্ত করা হয়েছে। টসের আগে অধিনায়কেরা চাইলে দুটি একাদশ জমা দিতে পারবেন ম্যাচ রেফারির কাছে, টসের পর বেছে নিতে পারবেন কোনো একটিকে।
‘খেলোয়াড় মনোনয়ন এবং প্রতিস্থাপন’ বিভাগের ধারা ১.২.১-এ বলা হয়েছে: “টসের আগে, প্রত্যেক অধিনায়ক পিএসএল ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে দুটি ভিন্ন একাদশ জমা দিতে পারবেন। প্রতিটি একাদশে অবশ্যই ১১ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডার থাকতে হবে (ধারা ১.২.৫ সাপেক্ষে)। টসের পরে, প্রত্যেক অধিনায়ককে নির্বাচিত দলের তালিকায় স্বাক্ষর করে জমা দেওয়া দুটি একাদশের মধ্যে একটিকে চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত একাদশ মনোনীত হয়ে গেলে, প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি ছাড়া ম্যাচ শুরুর আগে নির্বাচিত একাদশে তালিকাভুক্ত কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।”
মূলত রাতের শিশিরকে ভাবনায় রেখেই এই নিয়মটি করা হয়েছে। বেশি শিশির পড়লে বল ভিজে যায় এবং স্পিনারদের জন্য গ্রিপ করা কঠিন হয়ে ওঠে। পরে বোলিং করা দলের কাজটি তাই কঠিনতর হয় এবং আগে ব্যাট করা দল অনেক বেশি সুবিধা পেয়ে যায়। ক্রিকেটে অসংখ্যবার দেখা গেছে এভাবে শিশিরের কারণে কোনো এক দলকে বাড়তি সুবিধা পেতে। টস এসব ক্ষেত্রে অকে সময়ই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
সেখানেই যতটা সম্ভব সমতা ফেরাতে এই নিয়মটি চালু করেছে পিসিবি। পরে বোলিং করা দল চাইলে স্পিনারের বদলে পেসার নিতে পারবে বা পরে ব্যাট করা দল বাড়তি ব্যাটসম্যান নিতে পারবে বা নিজেদের প্রয়োজন অনুযায়ী একাদশ বাছাই করতে পারবে দুটি দলই।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে অবশ্য এই নিয়মের কোনো প্রভাবই পড়েনি। ম্যাচজুড়ে প্রবল বাতাস ও মেঘলা আকাশের কারণে সেভাবে শিশির পড়েনি। ম্যাচেও জমেনি লড়াই। লাহোর কালান্দার্সের ১৯৯ রানের জবাবে ১৩০ রানেই শেষ হয়েছে নতুন দল হায়দরাবাদ কিংসমেনের ইনিংস।
