দল চাইলে টানা ১০ ওভার বোলিং করতেও আপত্তি নেই নাহিদের
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিধ্বংসী বোলিং করা বাংলাদেশের পেসার টানা সাত ওভারের একটি স্পেল করেছেন।
দশম ওভারে আক্রমণে আনা হলো নাহিদ রানাকে। একপ্রান্ত থেকে টানা পাঁচ ওভার যখন শেষ হলো তার, বিনা উইকেটে ৪২ তোকে পাকিস্তানের রান তখণ ৫ উকেটে ৬৯। মনে হলো, এবার বুঝি বিশ্রাম পাবেন তিনি। কিন্তু আরেক ওভার বোলিংয়ে আনা হলো তাকে। শেষ নয় সেখানেই, পরে আরও একটি ওভার তিনি বোলিং করলেন। এক স্পেলেই সাত ওভার!
নাহিদের মতো গতিময় পেসার বা ফাস্ট বোলারদর প্রায় সবাই চোটপ্রবণ। টানা লম্বা সময় বোলিং তাই খুব একটা করানো হয় না তাদের। শরীরের ওপর দিয়ে ধকল তো কম যায় না! সাধারণত ছোট ছোট স্পেলে কাজে লাগানো হয় তাদেরকে, যাতে প্রতিটি ডেলিভারিতেই নিজেদের নিংড়ে দিতে পারেন। নাহিদের ক্ষেত্রেও বেশির ভাগ সময়ই সেভাবেই হয়ে থাকে।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ব্যতিক্রম। নিজের প্রথম পাঁচ ওভারেই পাঁচটি উইকেট আদায় করে নেন তিনি। দু-একটি ডেলিভারিতে তার ক্লান্তি ফুটে উঠছিল বটে। তবে উইকেট এনে দিচ্ছিলেন বলে তাকে আক্রমণে রেখে দেন অধিনায়ক।
উইকেট পেতে পারতেন তিনি পরের ওভারেই। কিন্তু এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার, বাংলাদেশও রিভিউ নেয়নি। রিভিউ নিলে আরেকটি উইকেট তার হয়ে যেত। পরে আরও একটি ওভার করেন। ২৪ রানে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন তিনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।
তার এমন বোলিং পারফরম্যান্সে বিস্ময় খুব বেশি নেই। ছন্দে থাকলে এমন কিছু তিনি করতেই পারেন। কিন্তু তার টানা সাত ওভার বোলিং বেশ চমকপ্রদই বলতে হবে।
নাহিদের নিজের কাছে অবশ্য এটা বড় কোনো ব্যাপার নয়। দলের জন্য এমন কিছু করতে তিনি মুখিয়ে থাকেন বলেই জানালেন।
“আমি সবসময় দলের জন্য চিন্তা করি যে, আমার কাছে দল কী চায়, ওই জিনিসটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি। আজকে যখন উইকেট পাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমার বোলিং তাদের জন্য খেলা সমস্যা হচ্ছে, তো আমি এই জিনিসটা লম্বা সময় ধরে রাখার চেষ্টা করছিলাম। এর জন্য হয়তো অধিনায়ক চেষ্টা করছে যে, আরও দুই-একটা ওভার করানো যায় কি না।”
কোচ-অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের কাছ থেকে তিনি বার্তা পেয়েছিলেন মনের মতো করে বোলিং করার। সেখানেও তিনি বললেন, লম্বা সময় বোলিং করার জন্যই নিজেকে প্রস্তুত করে তুলছেন তিনি।
“তাদের পরিকল্পনা ছিল একটাই যে, ‘তুমি মন খুলে বোলিং করো এবং যে জিনিসটা পারো, মাঠে তা এক্সিকিউট করো।’ পেশাদার হিসেবে প্রত্যেকটি ক্রিকেটারের আসলে ফিট থাকা উচিত এবং যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে লম্বা সময় বোলিং করতে হতে পারে কিংবা দলের পরিকল্পনা অনুযায়ী করতে হবে।”
“দলের যদি মনে হয় যে, সাত ওভার এক স্পেলে কিংবা যদি দশ ওভার এক স্পেলে করা লাগে, তো করতে হবে। কারণ দল যেটা চায়, সে জিনিসটা আমি মনে করি পেশাদার ক্রিকেটার হিসেবে ওভাবে নিজেকে ফিট রাখা উচিত এবং নিজের ফিটনেসটা ধরে রাখা উচিত।”
