২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে গুঁড়িয়ে নিউ জিল্যান্ডের রেকর্ড গড়া জয়

জ্যাকব ডাফি ও জ্যাকারি ফোকসের দুর্দান্ত বোলিংয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা।

পাকিস্তানকে গুঁড়িয়ে নিউ জিল্যান্ডের রেকর্ড গড়া জয়
এক ম্যাচ পরই আবার ক্ষুনে রূপে ফিরল নিউ জিল্যান্ড দল। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

পরপর দুই ম্যাচে পাকিস্তানের ভিন্ন দুই রূপের দেখা মিলল। দুই দিন আগে দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় দাপটের সঙ্গে জেতা দলটির ব্যাটিং এবার মুখ থুবড়ে পড়ল। তাদেরকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল নিউ জিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে রোববার চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের জয় ১১৫ রানে। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম একশর বেশি রানে জিতল তারা। আগের রেকর্ডটি ছিল ৯৫ রানের জয়, ২০১৬ সালে ওয়েলিংটনে।

সব মিলিয়ে, রানের হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। মাউন্ট মঙ্গানুইয়েই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের জয় তাদের সেরা।

ফিন অ্যালেন, টিম সাইফার্ট, মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ইনিংসে ৬ উইকেটে ২২০ রান করে নিউ জিল্যান্ড। ৩ ছক্কা ও ৬ চারে ২০ বলে ৫০ রান করেন অ্যালেন। ২২ বলে ৪৪ রান করতে ৪ ছক্কা ও ৩ চার মারেন সাইফার্ট।

শেষ দিকে ২ ছক্কা ও ৫ চারে ২৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেসওয়েল।

রান তাড়ায় ৯ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক পর্যায়ে তাদের রান ছিল ৭ উইকেটে ৪৩। সেখান থেকে কোনোমতে ১০৫ রান করতে পারে তারা।

পাকিস্তানকে অল্পতে গুটিয়ে দেওয়ার পথে ২০ রানে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ২৫ রানে তিন শিকার ধরেন জ্যাকারি ফোকস। একটি করে প্রাপ্তি উইল ও’রোক, জেমস নিশাম ও ইশ সোধির। 

টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের উড়ন্ত সূচনা এনে দেন সাইফার্ট। শাহিন শাহ আফ্রিদিকে প্রথম ওভারে দুই চার মেরে তোলেন ঝড়। চতুর্থ ওভারে আবরার আহমেদকে টানা দুই ছক্কা ও এক চার মারেন তিনি। 

নিজের প্রথম ওভারেই সাইফার্টের তাণ্ডব থামিয়ে ৫৯ রানের জুটি ভাঙেন হারিস রউফ। এই যুগলবন্দিতে অ্যালেনের অবদান ছিল কেবল ৬ রান।

এরপর আবরারকে দুই চার ও এক ছক্কায় ডানা মেলে দেন প্রথম ৬ বলে ৮ রান করা অ্যালেন। আরেক প্রান্তে দ্রুত রান বাড়ান মার্ক চ্যাপম্যানও। আগের ম্যাচে ৯৪ রান করা ব্যাটসম্যানকে এবার ২৪ রানে বোল্ড করে দেন রউফ।

শাদাব খানকে টানা দুটি করে চার ও ছক্কা মেরে ১৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন অ্যালেন। ১০ ওভারে ২ উইকেটে ১৩৪ রান তোলে কিউইরা। পরের ওভারে অ্যালেনকে বিদায় করেন আব্বাস আফ্রিদি।

জেমস নিশাম ও মিচেল হেকে টিকতে দেননি আবরার। আফ্রিদিকে ছক্কা ও চার মেরে জোড়া ধাক্কার চাপ সরিয়ে দেন ব্রেসওয়েল। আব্বাসের ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকান ড্যারিল মিচেল ও ব্রেসওয়েল। 

২৩ বলে ২৯ রান করে মিচেল বিদায় নিলেও শেষ পর্যন্ত ছিলেন ব্রেসওয়েল। শেষ ওভারে আফ্রিদিকে দুটি চার মারেন তিনি।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই মোহাম্মদ হারিসকে হারায় পাকিস্তান। আগের ম্যাচে দেশটির হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া হাসান নাওয়াজকে এবার ১ রানে বিদায় করেন ডাফি। একই ওভারে এই পেসারের শিকার সালমান আলি আগাও।

শাদাব খান, খুশদিল শাহকে টিকতে দেননি ফোকস। ইরফান খানের ২৪ ও আব্দুল সামাদের ৪৪ রানে কোনোমতে একশ পার করে পাকিস্তান। এই দুইজন ছাড়া দলটির আর কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক।

দুই দলের শেষ টি-টোয়েন্টি আগামী বুধবার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২২০/৬ (সাইফার্ট ৪৪, অ্যালেন ৫০, চ্যাপম্যান ২৪, মিচেল ২৯, নিশাম ৩, হে ৩, ব্রেসওয়েল ৪৬*, ফোকস ৩*; আফ্রিদি ৪-০-৪৯-০, খুশদিল ১-০-১২-০, আবরার ৪-০-৪১-২, রউফ ৪-০-২৭-৩, আব্বাস ৩-০-৩৮-১, শাদাব ৪-০-৪৯-০)

পাকিস্তান: ১৬.২ ওভারে ১০৫ (হারিস ২, নাওয়াজ ১, সালমান ১, ইরফান ২৪, শাদাব ১, খুশদিল ৬, সামাদ ৪৪, আব্বাস ১, আফ্রিদি ৬, রউফ ৬, আবরার ১*; ও’রোক ৪-০-২৯-১, ডাফি ৪-০-২০-৪, ফোকস ৪-০-২৫-৩, নিশাম ২-০-১৪-১, সোধি ২.২-০-১৫-১)

ফল: নিউ জিল্যান্ড ১১৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে গিয়ে কিউইরা