Published : 06 Jan 2026, 06:02 PM
আরেকটি সেঞ্চুরি নাগালেই ছিল। কিন্তু এবার আর পারলেন না দেবদূত পাডিক্কাল। আউট হয়ে গেলেন তিনি নব্বইয়ের ঘরে। তবে ভারতীয় ব্যাটসম্যানের নাম ঠিকই খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে মঙ্গলবার কার্ণাটাকার হয়ে রাজস্থানের বিপক্ষে ৮২ বলে ৯১ রান করেন পাডিক্কাল। বাঁহাতি ওপেনারের ইনিংসটি গড়া ১২ চার ও ২ ছক্কায়।
আসরে আগের পাঁচ ম্যাচের মধ্যে তিনি সেঞ্চুরি করেন চারটি। এবার ৯ রানের জন্য হলো না পঞ্চম সেঞ্চুরি।
এই ইনিংসের পথে আসরে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেন পাডিক্কাল। ৬ ইনিংসে ১০০.৮৩ গড় ও ১০৩.৪১ স্ট্রাইক রেটে তার মোট রান এখন ৬০৫।
প্রথম ক্রিকেটার হিসেবে ভিজায় হাজারে ট্রফির ভিন্ন তিন আসরে ছয়শ বা এর বেশি রান করার কীর্তি গড়লেন তিনি।
এর আগে ২০১৯-২০ আসরে ১১ ম্যাচে তিনি করেছিলেন ৬০৯ রান, ২০২০-২১ আসরে ৭ ম্যাচে ৭৭৩।
এবার ভিজায় হাজারে ট্রফির এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙার হাতছানি পাডিক্কালের সামনে। ২০২২-২৩ আসরে ৮ ম্যাচে ৮৩০ রান করে রেকর্ডটি নারায়ান জাগাদিসানের।
২৫ বছর বয়সী পাডিক্কাল এবারের আসর শুরু করেন ঝাড়খান্ডের বিপক্ষে ১৪৭ রানের ইনিংস খেলে। পরের ম্যাচে কেরালার বিপক্ষে করেন ১২৪ রান।
তামিল নাড়ুর বিপক্ষে ২২ রান করে আউট হয়ে গেলেও, পরের ম্যাচেই করেন আরেকটি সেঞ্চুরি, ১১৩। পঞ্চম ম্যাচে ত্রিপুরার বিপক্ষে খেলেন ১০৮ রানের ইনিংস। এবার রাজস্থানের বিপক্ষে ৯১।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ৩৯ ম্যাচে তার সেঞ্চুরি ১৩টি। ৮৩.৬২ গড়ে রান ২ হাজার ৬৭৬।
ভারত জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এবার ভিজায় হাজারে ট্রফিতে তার চতুর্থ সেঞ্চুরির দিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে ভারত, তবে সেখানে সুযোগ পাননি পাডিক্কাল।
আসরে ছয় ম্যাচের সবকটিতে জিতেছে তার দল। রাজস্থানের বিপক্ষে ৩২৪ রানের পুঁজি গড়ে ১৫০ রানের বড় জয় পেয়েছে কার্ণাটাকা।