২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোয়ার’ চ্যালেঞ্জেও ব্যর্থ নাঈম শেখ, হতাশ প্রধান নির্বাচক

জাতীয় দলে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতেও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মাদ নাঈম শেখ।

‘লোয়ার’ চ্যালেঞ্জেও ব্যর্থ নাঈম শেখ, হতাশ প্রধান নির্বাচক
ব্যর্থতার চক্রেই আছেন নাঈম শেখ। ছবি: নর্দান টেরিটরি ক্রিকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

অফ স্টাম্পের বাইরের নিরীহ ডেলিভারি। জায়গায় দাঁড়িয়ে ব্যাট বাড়িয়ে সজোরে হাঁকানোর চেষ্টায় সেই বল স্টাম্পে টেনে আনলেন মোহাম্মাদ নাঈম শেখ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচের ঘটনা এটি। আগের ম্যাচেরও। একইভাবেই যে আউট হয়েছিলেন সেদিনও! এভাবে আউট হয়েছেন তিনি ক্যারিয়ারে অনেকবারই। 

আউটের ধরন যেমন এক, পারফরম্যান্সের রকমও অভিন্ন। ব্যর্থতার বলয়ে ঘুরপাক খাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অনুশীলনে তার খাটুনি, ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিংয়ের ধরন ও রানের জোয়ার দেখে তাকে নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছিলেন নির্বাচকরা। কিন্তু প্রধান নির্বাচকের কণ্ঠে এখন হতাশার পংক্তি।

গত জাতীয় লিগ টি-টোয়েন্টি ও বিপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন নাঈম। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও তার ব্যাটে ছিল রানের স্রোত। নিজেকে ভেঙে গড়তে, দুর্বলতা কাটিয়ে উঠতে, শটের পরিধি বাড়াতে অনুশীলনেও ঘাম ঝরিয়েছিলেন তিনি অনেক।

কিন্তু ঘরোয়া ক্রিকেটের সেই সাফল্য তিনি বয়ে আনতে পারেননি পরের ধাপগুলোয়। গত মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে তিনি ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেখানে একটি টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ৩২ রান করতে বল খেলেন ২৯টি। 

তবে চার নম্বরে নামতে বাধ্য হয়েছিলেন বলে আক্ষেপ করেছিলেন দেশে ফিরে, তার আসল পজিশন সেটি নয়। কিন্তু দেশে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওপেন করেও এক ম্যাচে করেন ৭ বলে ৩, আরেকটিতে ১৭ বলে ১০।

এরপর তাকে পাঠানো হয় বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। সেখানে পাকিস্তান শাহিনস ছাড়া অন্যান্য দলগুলির বোলারদের প্রায় সবাই মূলত উঠতি বোলার, আন্তর্জাতিক ক্রিকেটের ধারে কাছে নেই কেউ। এখানেও নাঈম পারেনি জ্বলে উঠতে।

আসরে নিয়মিত ওপেন করে তার রান ১৫.৬৬ গড়ে ৯৪, স্ট্রাইক রেট ১২২.০৭। ছয় ইনিংসে বাউন্ডারি মারতে পেরেছেন কেবল ১৩টি, ছক্কা একটি।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দলে তাই জায়গা হয়নি তার। 

ডারউইনে শনিবার যখন শেষ ম্যাচে ১৭ বলে ১৫ করে আউট হলেন নাঈম, এর ঘণ্টা দেড়েক পরে মিরপুরে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে হতাশার কথা বললেন প্রধান নির্বাচক। 

“কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে অনেক কিছুই চিন্তা করতে হয়। তিনি সামর্থ্যের কতটুকু করতে পারলেন বা তাকে যতটুকু সুযোগটুকু দেওয়া হলো, সে সুযোগটুকু যথেষ্ট কি না। আমাদের কাছে মনে হয়েছে, নাঈম শেখ কঠোর পরিশ্রম করেছিল। তিনি যে প্রতিশ্রুতি দেখিয়েছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি তার পজিশনটাকে আঁকড়ে ধরতে পারবেন। সেটা তার জন্য এবং দলের জন্য ভালো হতো। দুর্ভাগ্যজনকভাবে, সেটা হয়নি।”

“আরেকটু লোয়ার চ্যালেঞ্জে তাকে দেখলাম টপ এন্ড ক্রিকেটে। সেখানেও তিনি ঠিক অ্যাড্রেস করতে পারলেন না।”

নাঈমকে এখন আবার নতুন করে শুরু করতে হবে নিজেকে আরও শাণিত করা, আরও ঘষেমেঝে পোক্ত করার লড়াই। সেই চেষ্টায় বিসিবি তার পাশে থাকবে বলে জানিয়ে রাখলেন প্রধান নির্বাচক। 

“আমার বিশ্বাস, নাঈম শেখ এখন জানে, তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে, আন্তর্জাতিক চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে, দলকে সফল করতে হলে, তাকে আরও উন্নতি করতে হবে। সেটার জন্য ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা কোচিং প্যানেল, বাংলাদেশ টাইগার্স প্যানেল থেকে যা যা সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা অবশ্যই অব্যাহত রাখব।”