২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপের মুখে বারবার ভেঙে পড়ছে ইংল্যান্ড, সমাধান খুঁজছেন অধিনায়ক

সামনের ম্যাচগুলোতে দলের সবাইকে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন টানা দুই হারে ‘ভীষণ হতাশ’ বেন স্টোকস।

চাপের মুখে বারবার ভেঙে পড়ছে ইংল্যান্ড, সমাধান খুঁজছেন অধিনায়ক
ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 10:22 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

পার্থে দুই দিনে উড়ে যাওয়া ইংল্যান্ড ব্রিজবেনে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত পাত্তা পায়নি অস্ট্রেলিয়ার কাছে। টানা দুই ম্যাচে ভরাডুবির পেছনে চাপের মুহূর্তে দলের ভেঙে পড়ার দায় দেখছেন বেন স্টোকস। তবে নিজেদের দুর্বল ভাবতে নারাজ ইংলিশ অধিনায়ক। দলের সবাইকে দ্রুত দাঁড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।  

ইংল্যান্ডের এবারের অস্ট্রেলিয়া সফরের শুরুটাই হয় বাজে। প্রথম টেস্টে দুই দিনেই বিধ্বস্ত হয় তারা। ওই ম্যাচে দুই ইনিংসে একবারও দুইশ ছুঁতে পারেনি সফরকারীরা।

গ্যাবায় দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ৩৩৪ রান করতে পারে ইংল্যান্ড। পরে বোলিংয়েও বেশ ভালো করে তারা। কিন্তু ক্যাচ ছাড়ার মহড়ায় প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি দলটি, যা নিয়ে আক্ষেপ ঝরল স্টোকসের কণ্ঠে। উল্টো কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়াই ৫১১ রান করে অস্ট্রেলিয়া।

১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া দলটি বেন স্টোকসের ফিফটি ও উইল জ্যাকসের কার্যকর ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে দিতে পারে ৬৫ রানের লক্ষ্য। যা ১০ ওভারেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

পাঁচ টেস্টের সিরিজে এখন ২-০তে পিছিয়ে আছে ইংল্যান্ড। ২০২৩ সালে ঘরের মাঠের অ্যাশেজেও একই অবস্থা হয়েছিল ইংলিশদের। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করতে পেরেছিল তারা।

কিন্তু ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার কাছে থাকা সিরিজটির ট্রফি ‘ছাইদানি’ পুনরুদ্ধার করতে ড্র যথেষ্ট নয় ইংল্যান্ডের জন্য। সেজন্য জিততে হবে শেষ তিন ম্যাচেই। আর অ্যাশেজের ইতিহাসে এমন অভাবনীয় প্রত্যাবর্তন খুবই বিরল।

ঐতিহাসিক সিরিজটিতে প্রথম দুই ম্যাচ হারা দলের ট্রফি জয়ের নজির আছে কেবল একবার। সেটাও করেছিল অস্ট্রেলিয়া, ১৯৩৬-৩৭ মৌসুমে।

তেমন কিছুই করার চ্যালেঞ্জ এখন স্টোকসদের সামনে। সেই পথে এগিয়ে যাওয়ার জন্য লড়াকু মানসিকতা দেখাতে হবে বলে মনে করেছেন ভীষণ হতাশ স্টোকস।

“খুবই হতাশাজনক। আর এর মূল কারণ চাপের মুখে দাঁড়াতে না পারায়। মাঝেমধ্যে অল্প সময়ের জন্য আমরা লড়াই কিছুটা নিয়ন্ত্রণে করতে পেরেছি এবং এরপর আমরাই সেটা আবার হাত ফসকে বেরিয়ে যেতে দিয়েছি। এই সপ্তাহে আমরা আবারও এমনটা করেছি, যা এটা খুবই হতাশার। বিশেষ করে, আমাদের ড্রেসিংরুমে খেলোয়াড়দের সামর্থ্যের বিবেচনায় চিন্তা করলে।”

বারবার চাপের মুহূর্তে নিজেদের ভেঙে পড়া দেখে স্টোকসের মনে হচ্ছে, বিষয়টা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। 

“যখনই ম্যাচে চাপের মুহূর্ত আসছে, অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো পারফর্ম করছে। তারা বলে, অস্ট্রেলিয়া দুর্বল লোকের জায়গা না। আমরা অবশ্যই দুর্বল নই, তবে আমাদেরকে (জয়ের জন্য) উপায় খুঁজে বের করতে হবে, কারণ আমরা ২-০ তে পিছিয়ে। এখনও তিন ম্যাচ বাকি আছে এবং আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে।”

অ্যাডিলেইডে আগামী ১৭ ডিসেম্বর শুরু তৃতীয় টেস্ট।