১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ বলে ৪ উইকেট নিয়ে ভারতীয় পেসারের অনন্য কীর্তি

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাপিল দেবের পাশেও বসলেন ২৮ বছর বয়সী পেসার।

৪ বলে ৪ উইকেট নিয়ে ভারতীয় পেসারের অনন্য কীর্তি
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ডাবল হ্যাটট্রিকের’ স্বাদ পেলেন আকিব নাবি। ছবি: উইজডেন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ওভারের শেষ তিন বলে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে পূরণ করলেন হ্যাটট্রিক। নিজের পরের ওভারের প্রথম বলেও উইকেট নিলেন আরেকটি। আকিব নাবির নাম উঠে গেল এমন এক পাতায়, যেখানে পা পড়েনি আর কারো।

ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফির কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পরপর চার বলে চার উইকেট নেন আকিব। ১৯৬১-৬২ মৌসুমে শুরু প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী পেসার। 

নর্থ জোনের হয়ে ইস্ট জোনের প্রথম ইনিংসের ৫৩তম ওভারের শেষ তিন বলে ভিরাট সিং, মানিশি ও মুখতার হুসেনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন আকিব। নিজের পরের ওভারে প্রথম বলে সুরাজ সিন্ধু জয়সওয়ালকে ফিরিয়ে বিরল ‘ডাবল হ্যাটট্রিক’ এর স্বাদ পান তিনি। শেষ পর্যন্ত ২৮ রানে নেন ৫ উইকেট। 

দুলিপ ট্রফিতে হ্যাটট্রিক করা তৃতীয় ক্রিকেটার আকিব। ১৯৭৯ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই স্বাদ পান অলরাউন্ডার কাপিল দেব। ২০০১ সালে পরপর তিন বলে তিন উইকেট নেন লেগ স্পিনার সাইরাজ বাহুতুল।

আকিব এই স্বাদ পেলেন দুলিপ ট্রফিতে তার অভিষেক ম্যাচেই। আগের দুজনকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায়ও তুলে নিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে চার বলে চার উইকেট আকিবের আগে পেয়েছেন কেবল তিন জন, সবকটিই রাঞ্জি ট্রফিতে। ১৯৮৮ সালে শাঙ্কার সাইনি, ২০১৮ সালে মোহাম্মদ মুধাসির ও ২০২৪ সালে পান কুলওয়ান্ত খেজরোলিয়া এই স্বাদ পান।

২০২০ সালে জাম্মু ও কাশ্মীরের হয়ে রাঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আকিবের। ওই আসরে সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট ছিল দুইবার।

পরে দুই বছরের বেশি সময় কোনো প্রথম শ্রেণির ম্যাচ তিনি খেলেননি। গত রাঞ্জি ট্রফিতে ৮ ম্যাচে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট নিয়ে আবার আলোচনায় উঠে আসেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩০ ম্যাচে তার উইকেট ৯৫টি। ইনিংসে পাঁচ উইকেট আছে ৯ বার, ম্যাচে ১০ উইকেট দুইবার।