২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটে ৮৯ রানে ইনিংস ঘোষণা করেও লাভ হলো না অস্ট্রেলিয়ার

ব্রিজবেন টেস্টে শেষ দিনে অস্ট্রেলিয়া নাটকীয়তা জমাতে চাইলেও বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ড্র হলো ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

শেষ দিনে খেলা জমিয়ে তোলার যথেষ্টই চেষ্টা করল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামল তারা খ্যাপাটে হয়ে। দ্রুত রান তোলার চেষ্টায় দ্রুত উইকেটও হারাতে হলো। ইনিংস ঘোষণাও চলে এলো দ্রুতই। কিন্তু অনুমিতভাবেই সব উত্তেজনায় জল ঢেলে দিল প্রকৃতি।

বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ড্র হলো অস্ট্রেলিয়া-ভারতের ব্রিজবেন টেস্ট। ১-১ সমতায় থেকেই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামবে দুই দল। 

আগের দিন শেষ জুটিতে ভারত যখন ফলো-অন এড়িয়ে ফেলে, ম্যাচের ভাগ্য মোটামুটি নিশ্চিত হয়ে যায় তখনই। শেষ দিন সকালে ভারত আর যোগ করতে পারে ৮ রান। ৩১ রান করা আকাশ দিপকে ফিরিয়ে শেষ উইকেট নেন ট্রাভিস হেড।

এরপর বৃষ্টিতে লম্বা সময় বন্ধ থাকে খেলা। বৃষ্টি শেষে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া। কন্ডিশন ছিল পেস সহায়ক। উইকেটে ছিল অসম বাউন্স। সঙ্গে ভারতীয় পেসারদের ভালো বোলিং তো ছিলই। দ্রুত উইকেট পতনের পেছনে ভূমিকা ছিল অস্ট্রেলিয়ার দ্রুত রান তোলার তাড়নারও। 

আগ্রাসনের ভাবনা থেকেই মিচেল মার্শকে নামানো হয় চার, ট্রাভিস হেডকে খেলানো হয় স্টিভেন স্মিথের ওপরে। টপ ও মিডল অর্ডারে অবশ্য খুব বেশি রান করতে পারেননি কেউ। পরের দিকে অ্যালেক্স কেয়ারি ২০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১০ বলে ২২ রান করে আউট হন অধিনায়ক প্যাট কামিন্স।

৭ উইকেটে ৮৯ রানে ইনিংস ঘোষণা করে দেন কামিন্স। ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। কাগজে-কলমে তখন খেলা বাকি ৫৪ ওভার। উইকেটে যা অবস্থা, তাতে ভারতকে অলআউট করার জন্য যথেষ্ট ওভারই হয়তো ছিল। কিন্তু ঝড় আর বৃষ্টিতে খেলা হতে পারে স্রেফ ২.১ ওভার। দুপুর সাড়ে তিনটাতেই তাই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

বুমরাহ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকারের পাশপাশি ব্যাট হাতে ফলো-অন এড়ানোয় অবদান রাখলেও তাকে ছাপিয়ে ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলা ট্রাভিস হেড। 

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৪৫

ভারত ১ম ইনিংস: ২৬০

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৮ ওভারে ৮৯/৭ (ডিক্লে.) (ম্যাকসুয়েনি ৪, খাওয়াজা ৭, লাবুশেন ১, মার্শ ২, হেড ১৭, স্মিথ ৪, কেয়ারি ২০*, কামিন্স ২২, স্টার্ক ২*; বুমরাহ ৬-১-১৮-৩, সিরাজ ৭-০-৩৬-২, আকাশ ৫-১-২৮-২)।

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৫) ২.১ ওভারে ৮/০

ফল: ম্যাচ ড্র।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজের তিনটি শেষে ১-১ সমতা। 

ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড।