২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বিসিবির নতুন কাঠামোর ঘরোয়া টুর্নামেন্ট

নতুন এই কাঠামোয় একই টুর্নামেন্টের ছায়াতলে ছয় দল নিয়ে তিন সংস্করণের আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 11:16 PM

Updated : 21 Sep 2026, 12:07 AM

দেশের ঘরোয়া ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। নতুন কাঠামোয় একই ছাতার নিচে তিন সংস্করণেই ছয় দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এই নতুন যাত্রা।

নতুন এই কাঠামো নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছে বিসিবি। সভাপতি তামিম ইকবালসহ বোর্ড কর্তারা নানা সময়ে এই সম্ভাবার কথা বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন। বোর্ডের ভার্চুয়াল সভায় রোববার এটির চূড়ান্ত অনুমোদন হয়।

নতুন কাঠামোয় একই টুর্নামেন্টের আওতায় একই দল অংশ নেবে তিন সংস্করণের আসরে। মৌসুম শুরুর আগে তিন সংস্করণের দাবি মেটানোর মতো করেই বিভিন্ন ঘরানার ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গড়বে দলগুলি।

এই টুর্নামেন্টে ছয় দলের মালিকানা দেওয়া হবে দেশের স্বনামধন্য কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে দলের স্বত্ব দেওয়া হবে।

সামনেই জাঁকজমকপূর্ণ আয়োজনে দলগুলির মালিকানা ঘোষণা ছাড়া সবকিছু বিস্তারিত জানানো হবে।

এছাড়াও আগে ঘোষিত এবং প্রস্তাবিত কিছু পদক্ষেপের চূড়ান্ত অনুমোদন হয়েছে এই বোর্ডসভায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আন্তর্জাতিক মানসম্পন্ন তিন লেনের অ্যাথলেটিক রানিং ট্র্যাক বসানোর প্রস্তাব অনুমোদন হয়েছে। ক্রিকেটারদের অনুশীলন ও ফিটনেসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে এই বোর্ডসভায়। মূল দুই ড্রেসিং রুমের উন্নয়ন কাজ তো চলছেই। পাশাপাশি বিকল্প যে দুটি ড্রেসিং রুম ছিল, সেই দুটির উন্নয়ন, ক্রিকেটারদের প্রবেশ এলাকা এবং কমন লবি এলাকার প্রস্তাবিত উন্নয়ন কাজ অনুমোদন করেছে।

এছাড়াও শের-ই-বাংলায় দুটি নতুন ড্রেসিং রুম নির্মাণের অনুমোদন দিয়েছে বোর্ড। এই অতিরিক্ত সুবিধাগুলো ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ এবং অন্যান্য ক্রিকেট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে এবং একই সঙ্গে প্যাভিলিয়ন ভবনে অবস্থিত বিদ্যমান ড্রেসিং রুমের সুবিধা মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ধরে রাখা যাবে।

ঢাকার বাইরে ক্রিকেট সুবিধা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বোর্ডসভায়। এর অংশ হিসেবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প-প্রস্তুতি পরামর্শক সেবা প্রদানের উদ্দেশ্যে একজন পরামর্শক নিয়োগ অনুমোদন করা হয়েছে।

সবশেষ ২০০৬ সালে এই মাঠে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকে শুধুমাত্র ঘরোয়া, ‘এ’ দল, এইচপি দল ও বয়সভিত্তিক দলের জন্য ব্যবহার করা হচ্ছে এই মাঠ।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিপিএল আয়োজন নিয়ে টানপোড়েনের মধ্যে পুরুষ ও নারী উভয় বিভাগে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই প্রস্তাবও গৃহীত হয়েছে বোর্ডসভায়।

সভাপতির আগের ঘোষণা অনুযায়ীই এখন থেকে পুরুষ ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচের জন্য দেড় লাখ টাকা, লিস্ট ‘এ’ ম্যাচের জন্য এক লাখ টাকা ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৮০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।

এছাড়া কাউন্টি ক্রিকেটের আদলে জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর জন্য দ্বিতীয় একাদশের টুর্নামেন্টের জন্য ম্যাচ ফি নির্ধারণ করেছে বিসিবি। এখানে প্রতি ম্যাচে ১৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

সুখবর আছে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্যও। আগে তারা দৈনিক ভাতা পেতেন ১০ হাজার টাকা করে। সেটি শতভাগ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি অনুমোদন করেছে বোর্ড। নতুন কাঠামোতে বড় দৈর্ঘ্যের ম্যাচের জন্য ৪০ হাজার টাকা, একদিনের ম্যাচের জন্য ৩০ হাজার টাকা ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন তারা।