Published : 11 Jul 2026, 08:20 PM
বৃষ্টি বা আলোকস্বল্পতার মতো প্রাকৃতিক কারণে ক্রিকেট ম্যাচ দেরিতে শুরু হওয়ার ঘটনা তো কত সময়ই ঘটে। তবে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ দেরিতে শুরু হয়েছে ভিন্ন এক কারণে। মাঠে আসার সময় যানজটে আটকা পড়ে ভারতীয় দল!
সাউথ্যাম্পটনের রোজ বোলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় হওয়ার কথা ছিল টস। সাধারণত ক্রিকেট দলগুলো টসের অন্তত দেড় ঘণ্টা আগে মাঠে পৌঁছায়, যাতে খেলোয়াড়রা ওয়ার্ম-আপ করতে পারেন।
ইংল্যান্ড দল শুক্রবার রাতে মাঠের পাশে হোটেলে থাকলেও, প্রায় পাঁচ মাইল দূরের হোটেলে ছিল ভারতীয় দল। তারা মাঠে এসে পৌঁছায় ২টা পাঁচ মিনিটে। এতে টসের সময় পিছিয়ে দেওয়া হয় ৪৫ মিনিট। খেলা শুরুর সময় পেছানো হয় আধা ঘন্টা। তবে কোনো ওভার কমানো হয়নি।
ব্রডকাস্টারে ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার রাভি শাস্ত্রি মজা করে বলেন, ভারতে হলে দলকে মাঠে আনার কাজটি মুম্বাই পুলিশ আরও ভালোভাবে করতে পারত!
“আমার ক্রিকেট জীবনের এত বছরে এমনটা কখনও ঘটেনি যে, যানজটের কারণে কোনো দলের টস বিলম্বিত হয়েছে। তারা অনেক দেরি করেছে। এতক্ষণে টস হয়ে যাওয়ার কথা ছিল। এখানেই মুম্বাই পুলিশ সেরা। কিছু ঘটার জন্য অপেক্ষা না করে, তাদের আগে থেকেই উদ্যোগী হওয়া উচিত!”
ক্রিকেটারদের যানজটে আটকা পড়ার কারণে ইংল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচ দেরিতে শুরু হওয়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। গত বছর ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচ একই কারণে আধা ঘণ্টা বিলম্বিত হয়েছিল।