২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে ২০০ করতে চান সুরিয়াভানশি

পুরো ২০ ওভার ক্রিজে থাকতে পারলে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে আত্মবিশ্বাসী ভারতের বিস্ময়-বালক।

টি-টোয়েন্টিতে ২০০ করতে চান সুরিয়াভানশি
বৈভাব সুরিয়াভানশি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুইশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউ। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেই ঠিকানায় পা ফেলতে চান ভারতের বিস্ময় বালক বৈভাব সুরিয়াভানশি।

সুরিয়াভানশির বয়স কেবল ১৫। এই বয়সেই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে গড়ছেন একের পর এক কীর্তি। এরই মধ্যে হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের বড় তারকা।

বয়সভিত্তিক ও আঞ্চলিক নানা ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে আরও আগেই আলোচনার জন্ম দিয়েছিলেন সুরিয়াভানশি। তবে তারকা হয়ে ওঠার শুরু গত আইপিএল থেকে। 

সাঞ্জু স্যামসনের চোটের কারণে খেলার সুযোগ মিলেছিল তার। অভিষেকে লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলেই ছক্কা মেরে দেন তিনি এক্সট্রা কাভারের ওপর দিয়ে। ২০ বলে ৩৪ রানের ইনিংস দিয়ে তার যাত্রা শুরু। পরের ম্যাচে বিদায় নেন দুটি ছক্কা মেরেই। তৃতীয় ম্যাচে তাক লাগিয়ে দেন ৩৫ বলে সেঞ্চুরি উপহার দিয়ে।

আইপিএলের গত আসরের ভারতীয় ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে ১৫ ছক্কায় ৪২ বলে ১৪৪ রান করেন সুরিয়াভানশি। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তার এখন পর্যন্ত ক্যারিয়ার সেরা।

এবারের আইপিএলেও সুরিয়াভানশি পেয়েছেন সেঞ্চুরি। সঙ্গে তিন ফিফটিতে এখন পর্যন্ত ১৪ ইনিংসে ৫৮৩ রান করেছেন ২৩২.২৭ স্ট্রাইক রেটে। রাজস্থান রয়্যালসকে প্লেঅফে তোলার পথে রেখেছেন বড় অবদান।

ক্যারিয়ারে দুইবার দুইশ রানের কাছে গিয়েছিলেন সুরিয়াভানশি। ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলেছিলেন ১৯০ রানের ইনিংস। আর গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৭৫ রান।

স্বীকৃত টি-টোয়েন্টি সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭ ছক্কা ও ১৩ চারে ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট। তার সেই রেকর্ড ভেঙে দুইশর সীমানায় পা রাখতে চান সুরিয়াভানশি।

ইংল্যান্ড ব্যাটিং গ্রেট কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেল ‘দা সুইচ’-এ সুরিয়াভানশি বলেন, “আমি টি-টোয়েন্টিতে ২০০ করতে চাই।”

তখন তাকে পিটারসেন মনে করিয়ে দেন, এখনও কেউ দুইশ ছুঁতে পারেনি। সঙ্গে গেইলের রেকর্ডের কথাও বলেন তিনি। সেটার জবাবে সুরিয়াভানশি বলেন, “হ্যাঁ, আমি তার রেকর্ড ভাঙতে চাই এবং দুইশ করতে চাই। যদি কোনো ম্যাচে পুরো ২০ ওভার খেলতে পারি, অবশ্যই ওই রেকর্ড ভেঙে দেব।”

দুইশ করার ইচ্ছা আরও আগে থেকেই হৃদয়ে লালন করছেন সুরিয়াভানশি। গত বছর ইংল্যান্ড লায়ন্সের (অনূর্ধ্ব-১৯) বিপক্ষে ১৪৩ রান করার পথে ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। যুব ওয়ানডেতে যা দ্রুততম শতকের রেকর্ড। ওই সময় রেকর্ডটির কথা জানতেন না সুরিয়াভানশি।

ওই ম্যাচটি শেষে এক ইনিংসে দুইশ রান করতে চাওয়ার কথা বলেন সুরিয়াভানশি।

“পরের ম্যাচেই দুইশ রান করার চেষ্টা করব। পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করব। আমি যত বেশি রান করব, দল তত বেশি উপকৃত হবে।”

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২১৬.১৬ স্ট্রাইক রেটে ১ হাজার ২৮৪ রান করেছেন সুরিয়াভানশি। চারটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে তার নামের পাশে।