২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিচারের’ আক্ষেপকে সঙ্গী করে লিগ শুরু করছেন নিগার-সালমারা

নারীদের জন্য ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ ও টুর্নামেন্ট না থাকার আক্ষেপ নিগার সুলতানার, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করছেন তারা সামনের বিশ্বকাপ বাছাইকে ভাবনায় রেখে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

সবশেষ কবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছেন, ঠিক মনেও করতে পারছিলেন না নিগার সুলতানা। পরে তিনি বললেন, ক্যারিয়ারে একবারই খেলেছেন, সেটিও সম্ভবত ১৪ বছর আগে! এই মাঠে লিগের ম্যাচ খেলতেই হবে, এটা জরুরি কিছু নয়। তবে স্কুল ক্রিকেট, প্রথম বিভাগ লিগ থেকে শুরু করে বারোয়ারি ক্রিকেটের মেলা বসে যে মাঠে, সেখানে নারী ক্রিকেটের মূল ঘরোয়া আসরের খেলা আয়োজনের দাবি থাকতেই পারে! নিগার যখন পরে বললেন অবিচারের কথা, সেটিও খুব বাড়াবাড়ি তাই মনে হলো না।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন অবশ্য মেয়েদের খেলা নিয়মিতই হয় মিরপুরে। অনেক বছর পর নারীদের ঘরোয়া ক্রিকেটের খেলাও ফিরছে এই মাঠে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগের নতুন আসরের উদ্বোধনী দিনে এখানেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল নিগারের শেলটেক ক্রিকেট একাডেমি।

অবিচারের কথা অবশ্য শুধু মাঠের প্রসঙ্গেই বলেননি নিগার। এই যে প্রিমিয়ার লিগ, এই টুর্নামেন্টও সবসময় নিয়মিত হয় না। মেয়েদের ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্টও কম। আগের চেয়ে যদিও তা বেড়েছে এখন, তার পরও সময়ের দাবি তাতে মেটে না। নারী ক্রিকেটে তাই প্রতিভাবান ক্রিকেটার খুব বেশি উঠে আসছে না, নতুন ক্রিকেটারের জোগান সামান্য।

মিরপুরে মঙ্গলবার প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচনের আয়োজনে পুরোনো সেই হাহাকার আবার ফুটে উঠল নিগারের কণ্ঠে। 

“অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। কারণ, (জাতীয়) দলের বাইরে যারা থাকেন, তাদের নিজেদের প্রমাণ করার জায়গাই ঘরোয়া লিগ। সেই ঘরোয়া লিগ যদি ধারাবাহিকভাবে না খেলা হয় বা পরিমাণ না বাড়ানো হয়, তাহলে অনেক ক্রিকেটারের জন্য এটা দুঃখজনক হয়।”

নিগার শুধু বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কই নন, অনেক দিন ধরেই তিনি দেশের নারী ক্রিকেটের মুখ। প্রিমিয়ার লিগ শুরুর আগেও তিনি তুলে ধরলেন অনেক কিছু। মিরপুরে এবার এখনও পর্যন্ত একটি ম্যাচই রাখা হয়েছে লিগের। আরও বেশি ম্যাচ এখানে আয়োজনের দাবি তিনি জানিয়ে রাখলেন। এবারের লিগে মানসম্পন্ন বল দিয়ে খেলা হবে বলেও আশা তার। মাঠ সমস্যা ও ঠাসা সূচির মধ্যেও সময়মতো লিগ আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশও করলেন। 

পাশাপাশি বললেন ক্রিকেটারদের সামনে সুযোগের কথাও। এবারের লিগে দল কমেছে একটি। গত আসরে তৃতীয় হওয়া ও এর আগের বারের চ্যাম্পিয়ন দল রূপালি ব্যাংক এবার লিগে নেই। তবে ৯ দলের লিগ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ক্রিকেটাররা উপকৃত হবেন বলেই আশা নিগারের।

“এবার দল কমেছে, তবে দলগুলি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জায়গা হবে ক্রিকেটারদের জন্য। জাতীয় দলের দুয়ার সবসময় সবার জন্য খোলা, যারাই ভালো করবেন, তারাই আসবেন। স্থায়ী কিছু নেই। প্রতিটি ক্রিকেটারের জন্য এটি তাই চ্যালেঞ্জ। সবাই তো ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। অনেকে বিভিন্ন একাডেমিতে নিজে খরচ করে অনুশীলন করে ভালো প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলতে আসেন। তাদের জন্য এটি বড় সুযোগ নিজেদেরকে মেলে ধরার।”

এই লিগে জাতীয় দল ও আশেপাশের ক্রিকেটারদের জন্য অন্য একটি লক্ষ্যও ঠিক করে দেওয়া হয়েছে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতার পর ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য এখন বাছাই পর্ব উতরাতে হবে বাংলাদেশ দলকে। প্রিমিয়ার লিগকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেও দেখছেন নিগার। 

“সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আছে, এর আগে এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কদিন আগে আমরা চার দিনের একটি ক্যাম্প করেছি। যে ক্রিকেটাররা সেখানে ছিল, বেশির ভাগই বিভিন্ন ক্লাবের ক্রিকেটার। সেখানেও এভাবে সবাইকে বলা হয়েছে যে, এই টুর্নামেন্ট (ঢাকা লিগ) যেন আমরা সেই ভিত্তিতেই খেলি, যেভাবে আমরা নিজেদের দেখতে চাই কোয়ালিফায়ারে। এখানে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটির প্রভাব কোয়ালিফায়ারে পড়বে।”

লিগের উদ্বোধনী দিনে নিগার-সালমাদের লড়াই ছাড়াও ম্যাচ আছে আরও দুটি। বিকেএসপিতে আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে, ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। 

টুর্নামেন্টের বাকি তিন দল- বিকেএসপি, বাংলাদেশ আনসার ও ভিডিপি উইমেন’স ক্রিকেট টিম এবং কলাবাগান ক্রীড়া চক্র।