২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বেশি বিশ্বকাপ হওয়ায় বিরক্ত অশ্বিন

ভারতের সাবেক স্পিনারের মতে, আইসিসির উচিত ফিফাকে অনুসরণ করা।

অনেক বেশি বিশ্বকাপ হওয়ায় বিরক্ত অশ্বিন
ভারতের সাবেক স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বকাপ তো আছেই। সঙ্গে আয়োজিত হয় চ্যাম্পিয়ন ট্রফিও। প্রায় প্রতি বছরই মাঠে গড়ায় আইসিসির কোনো না কোনো টুর্নামেন্ট। যা নিয়ে খুবই বিরক্ত রাভিচান্দ্রান অশ্বিন। বৈশ্বিক আসরের গুরুত্ব বাড়াতে, ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে ফিফার পথ অনুসরণ করতে বলেছেন ভারতের সাবেক এই স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি সংস্করণেই হয় বিশ্ব সেরার লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ধরন কিছুটা ভিন্ন। দুই বছরের চক্রের পর ফাইনাল দিয়ে নির্ধারণ করা হয় এই সংস্করণের সেরা দল। আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তো হয় বিশ্বকাপ।

২০২৩ সালে অনুষ্ঠিত হয় ওয়ানডের বৈশ্বিক আসর। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। আর গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে আবার রয়েছে ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ।

এর মাঝে তো মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকেই। এছাড়া পুরুষ ও নারী জাতীয় দলগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলে নিয়মিত।

আর ফুটবলে বিশ্বকাপ কেবল একটি। আর সেটি হয় চার বছর পরপর। যা নিয়ে সারা বিশ্ব জুড়ে থাকে উন্মাদনা, রোমাঞ্চ। এই বছর ৪৮ দল নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় বৈশ্বিক আসর আয়োজন করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ক্রিকেটে ভিন্ন ভিন্ন সংস্করণ, এত এত ম্যাচের সঙ্গে আবার প্রতি বছর বৈশ্বিক আসর, এসব কারণে বিশ্বকাপ গুরুত্ব হারাচ্ছে বলে মনে হচ্ছে অশ্বিনের।

“ওয়ানডে সংস্করণ অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, তার চেয়ে বড় কথা, আইসিসির দেখা উচিত তারা কীভাবে বিশ্বকাপগুলো আয়োজন করছে। রাজস্ব আয়ের জন্য প্রতিবছর একটি আইসিসির টুর্নামেন্ট থাকে। এখানে ফিফা কীভাবে এটি করছে, সেটা দেখুন। লিগ হচ্ছে এবং তারা তাদের বিশ্বকাপ চার বছরে একবার আয়োজন করছে।” 

“বিশ্বকাপের একটা মূল্য আছে, যেহেতু এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। অনেক বেশি দ্বিপাক্ষিক সিরিজ, অনেকগুলো সংস্করণ, অনেক বিশ্বকাপ, সব কিছু মিলিয়ে একটু বেশিই অতিরিক্ত হয়ে যায়।”

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।