১২ বছর পর দেশের মাঠে সিরিজ হেরে রোহিত বললেন, ‘সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছি’
প্রথম ইনিংসে পিছিয়ে পড়াকে পুনে টেস্টে হারের কারণ বলছেন ভারত অধিনায়ক।
সিরিজ শুরুর আগে যা ছিল অভাবনীয়, সেটিই এখন বাস্তব। ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত! দেশের মাঠে যারা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, একের পর এক সিরিজে ছিল জয়ের ধারায়, সেই ভারতকে তাদের মাটিতে প্রায় ১২ বছর পর সাদা পোশাকে সিরিজ হারের তেতো স্বাদ দিয়েছে নিউ জিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে, দুই টেস্টেই প্রতিটি বিভাগে স্বাগতিকদের ছাড়িয়ে গেছে কিউইরা। ভারত অধিনায়ক রোহিত শার্মার তাই সরল স্বীকারোক্তি- সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা।
দ্বিতীয় টেস্টে দুই দলের প্রথম ইনিংস মূল পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করছেন তিনি।
দ্বিতীয় টেস্টে তিন দিনেই ভারতকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড, যারা আগের টেস্ট সিরিজে শ্রীলঙ্কায় বাজেভাবে হোয়াইটওয়াশড হয় ২-০ ব্যবধানে। পুনেতে প্রথম ইনিংসে ৫৩ রানে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।
প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় স্রেফ ১৫৬ রানে, নিউ জিল্যান্ড পায় ১০৩ রানের লিড। ৩৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ইয়াসাসভি জয়সওয়ালের ৬৫ বলে ৭৭ রানের আগ্রাসী ইনিংসের পরও শনিবার ভারত অল আউট হয় ২৪৫ রানে।
ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন রোহিত, যিনি নিজেও ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই।
“আমার মনে হয় না, বোর্ডে রান পাওয়ার জন্য আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করেছি। অবশ্যই, টেস্ট ম্যাচ জিততে চাইলে (প্রতিপক্ষের) ২০ উইকেট নিতে হবে, তবে ব্যাটারদেরও বোর্ডে রান দিতে হবে।”
“প্রথম ইনিংসে আমরা যথেষ্ট রান করতে পারিনি। তারপর আমরা ম্যাচে পিছিয়ে পড়লাম, নিউ জিল্যান্ড ১০০ (১০৩) রানের লিড পেল। এরপর তাদের ২৫০ রানে (দ্বিতীয় ইনিংসে ২৫৫) আটকে রাখা আমাদের দিক থেকে দারুণ লড়াই ছিল। তারপরও আমরা জানতাম, (লক্ষ্য) একটু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কিন্তু আমাদের সর্বোচ্চটাই দিয়েছি আমরা।”
নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও ভুল করেননি ভারত অধিনায়ক।
“হতাশাজনক। আমরা যা আশা করেছিলাম, তা হয়নি। নিউ জিল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা নির্দিষ্ট মুহূর্তগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, চ্যালেঞ্জগুলোতে সাড়া দিতে ব্যর্থ হয়েছি।”
বেঙ্গালুরুতে প্রথম টেস্টে উইকেট থেকে সহায়তা পান পেসাররা। কিউই পেসে প্রথম দিন ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। পুনেতে ছিল টার্নিং উইকেট। স্যান্টনারের স্পিনের কোনো জবাব খুঁজে পাননি ভারতীয় ব্যাটসম্যানরা।
বেঙ্গালুরুতে প্রথম টেস্ট জিতে ভারতের মাটিতে ৩৬ বছর পর এই সংস্করণে জয়ের স্বাদ পায় নিউ জিল্যান্ড। এবার দেশটিতে প্রথমবার তারা জিতল সিরিজ। এবারের সফরের আগে ভারতে তারা টেস্ট জিততে পেরেছিল মোটে দুটি, ১৯৬৯ ও ১৯৮৮ সালে।
সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় মুম্বাইয়ে তৃতীয় টেস্টের আগে আরও চাপে থাকবে ভারত। ঘরের মাঠে তিন বা এর বেশি টেস্টের সিরিজে কখনও হোয়াইটওয়াশড হয়নি তারা। এবার সেই শঙ্কা তো থাকছেই, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াইয়ে থাকতে এই ম্যাচ ও সামনের পাঁচ টেস্টের বোর্ডের-গাভাস্কার ট্রফি থেকে যথেষ্ট পয়েন্ট অর্জনের ব্যাপারও আছে।
রোহিত অবশ্য অত দূরে তাকাচ্ছেন না। আপাতত নিজেদের খেলায় মনোযোগ দিতে চান তিনি। ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।
“আমরা ওয়াংখেড়েতে ভালো খেলতে চাই এবং ওই টেস্ট ম্যাচ জিততে চাই। খুব বেশি দূরের কথা ভাবছি না। পরের ম্যাচে মনোযোগ দেওয়া, দল হিসেবে আমরা আরও কী ভালো করতে পারি, সেটাই এখন গুরুত্বপূর্ণ, কারণ এটা দলগত ব্যর্থতা।”
