২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়ার পর সেঞ্চুরি করে লিটন বললেন, ‘প্রমাণ করার কিছুই নেই’

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়া নিয়ে লিটন কুমার দাসের প্রতিক্রিয়া, ‘কাকে খেলাবে, কাকে খেলাবে না, এটা নির্বাচকদের সিদ্ধান্ত।’

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 11:46 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্ন, ‘আপনার দিনটি আজকে সব মিলিয়ে কেমন গেল? লিটন কুমার দাসের ছোট্ট ও নির্লিপ্ত উত্তর, “খুব ভালো।”

দিনের ঘটনাপ্রবাহ যারা জানেন, লিটনের উত্তরটুকু জেনে তারা অবাক হতে পারেন। দিনটি তো আদতে তার জন্য খুব ভালো হওয়ার কথা নয়!

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণার পর থেকেই তোলপাড় চলছে লিটনের বাদ পড়া নিয়ে। টানা ছয় ম্যাচ হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালসের ম্যাচের দিকে তাই বাড়তি নজর ছিল সবারই। লিটন যে খেলবেন!

লিটন খেললেন। বলা ভালো, ব্যাটকে তরবারি বানিয়ে কচুকাটা করলেন দুর্বার রাজশাহীর বোলারদের। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরির জন্য বেছে নিলেন জাতীয় দল থেকে বাদ পড়ার দিনটিকেই!

মাঝেমধ্যে এমন চিত্রনাট্য রচিত হয়, এমন নাটকীয় কিছুর মঞ্চায়ন হয় বলেই তো ক্রিকেট খেলাটা সুন্দর।

লিটন শুধু সেঞ্চুরিই করলেন না, রেকর্ডের মালা গাঁথলেন। ৪৪ বলের সেঞ্চুরিটি বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। আরেক সেঞ্চুরিয়ান তানজিদ হাসানের সঙ্গে ২৪১ রানের জুটিতেও রেকর্ড ভেঙে চুরমার। ঢাকা ক্যাপিটালসের ২৫৪ রান বাংলাদেশের ক্রিকেটে পৌঁছে গেল অনন্য উচ্চতায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার লড়াইয়ে হেরে যাওয়া লিটনকে একই রাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হারাতে পারলেন না কেউ। ইনিংস শুরু করতে নেমে গোটা ২০ ওভার খেলে ১০ চার ও ৯ ছক্কায় ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত। 

জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে বিপিএলে সেঞ্চুরি, সংবাদমাধ্যমের কাছে এমন উপলক্ষ তো বহুকাঙ্ক্ষিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের উপস্থিতি সেই উপলক্ষকে বর্ণময় করে তুলল আরও। 

আগে নানা সময়ে সংবাদ সম্মেলনে লিটনের অনেক উত্তর জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। কখনও কখনও তার শরীরী ভাষা, তার কথার বাঁকা পথ, কখনও উদ্ধত সুর, প্রশ্নবিদ্ধ হয়েছে এসবও। অনেকে ধরেই নিয়েছিলেন, ২২ গজে ঝড় তুলে আসা ব্যাটসম্যান মাইক্রোফোনের সামনেও তোলপাড় তুলবেন।

হলো উল্টো। 

প্রবল প্রতাপে রাজশাহীর বোলারদের পিষে ফেলা মানুষটির উল্টো রূপ দেখা গেল মাইক্রোফোনে সামনে। মৃদুভাষী। বিনয়ী। বিতর্কের উপকরণ অনেক থাকলেও সেসবের ছায়াও মাড়ালেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার খবর জেনে বিপিএলে খেলতে নেমেছেন। সেখানে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন। কিন্তু দুই সময়ের পার্থক্য নেই বলেই দাবি তার।

“ভাবনা একই আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের সিদ্ধান্ত সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম… কীভাবে ডেলিভারি করা যায় পারফরম্যান্স।”

“ম্যাচের আগে যে মাইন্ডসেট ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে জিরো থেকেই শুরু করতে হবে। মাথায় এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। পরিশ্রম করব, দেখা যাক কী হয়।”

যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়ার সঙ্গে বিপিএল সেঞ্চুরিকে মেলানো কঠিন, তবু এই ইনিংসটি ‘জবাব’ বলে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। রসিকতা করে কেউ কেউ বলছেন, রাজশাহীর বোলারদের মধ্যে আসলে জাতীয় নির্বাচকদের দেখেছেন লিটন!

তবে লিটনের নিজের বক্তব্য এখানে পরিষ্কার। তার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার কারণটি সবার কাছেই বোধগম্য। 

“পরিস্কার ম্যাসেজ দেওয়া হয়েছে (বাদ পড়ার কারণ জানিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না…। কী কারণে (দলে) রাখা হয়নি… এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন যে, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই। এটা বেসিক জিনিস।”

“উনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করে যে আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা ফেরাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমার মনোযোগ এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।”

বাদ পড়ার ঘটনা তার ক্যারিয়ারে প্রথম নয় মোটেও। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ক্যারিয়ারে সেভাবে ধারাবাহিক হতে পারেননি তো কখনোই। আসা-যাওয়ার পালা তার জন্য নতুন নয়। সংস্করণ ভিন্ন হলেও ওয়ানডে থেকে বাদ পড়ার দিনে বিপিএলের এই সেঞ্চুরি দিয়ে আসলে তার ফেরার আরেকটি লড়াই শুরু হয়ে গেল।

এই লড়াইয়ে অবশ্য নিজেকে নতুন করে প্রমাণ করার তাগিদ অনুভব করছেন না তিনি। বরং তার তাড়না শুধুই উন্নতি করার। 

“প্রমাণ করার আসলে কিছু নাই। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সবসময় ‘ব্যাক অব মাইন্ড’-এ থাকে, নিজের ক্রিকেটে কীভাবে উন্নতি করা যায়। আমার মনে হয়, সবশেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি…বলব না যে পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।”