২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেসে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই

প্রকৃতির বাগড়ায় রাওয়ালপিন্ডিতে এদিন টস করাই সম্ভব হয়নি।

ভেসে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টির বাগড়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

গুঁড়িগুঁড়ি বৃষ্টি থামার নাম নেই। পিচ ও এর চারপাশের কাভার তাই সরানো গেল না এক মুহূর্তের জন্যও। অনেকটা সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত বিরূপ প্রকৃতির কাছে মানতে হলো হার। ভেস্তে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মাঠের লড়াই।

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু টসের আগ থেকে যে শুরু হলো বৃষ্টি, আর থামলই না। তাতে টস করাই সম্ভব হলো না।

স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার মুখোমুখি হতো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু বেঁকে বসা প্রকৃতির কারণে ভেস্তে গেল সেই সুযোগ। দুই দলের নামের পাশে যুক্ত হলো একটি করে পয়েন্ট।

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা জেতে আফগানিস্তানের বিপক্ষে। এদিনের ফলাফলে কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে দুই দলেরই।

ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার বুধবারের লড়াইটি এখন পরিণত হয়েছে ‘এলিমিনেটর’ ম্যাচে। লাহোরে হেরে যাওয়া দলটি ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। শেষ চারে যেতে আগামীকালের জয়ী দলকে তাদের শেষ গ্রুপ ম্যাচও জিততে হবে।

অর্থাৎ, গ্রুপ পর্বের শেষ রাউন্ডের যেকোনো একটি ম্যাচ পরিণত হতে পারে অলিখিত কোয়ার্টার-ফাইনালে।

২ ম্যাচে ৩ পয়েন্ট ও +০.৪৭৫ নেট রানরেট নিয়ে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া শুক্রবার মুখোমুখি হবে আফগানিস্তানের। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে (+২.১৪০) এগিয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা শনিবার লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।