এটা ঐতিহাসিক জয়: নিগার
ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, এমন মুহূর্ত আরও অনেক উপহার দিতে চান তারা।
ওয়ানডেতে আগেও ১৪ বার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এবারের জয়ের মাহাত্ম্য যেন একটু বেশিই। প্রথমবারের মতো হারানো গেল যে প্রবল পরাক্রমশালী ভারতকে। অধিনায়ক নিগার সুলতানা যেমন বললেন, তার কাছে এটি ঐতিহাসিক জয়।
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার ভারতকে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪০ রানে হারায় বাংলাদেশ। এই সংস্করণে দলটির বিপক্ষে ছয়বারের দেখায় অবশেষে ধরা দিল প্রথম জয়।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ২০ বারের দেখায় বাংলাদেশের জয় ছিল স্রেফ ২টি, দুটিই ২০১৮ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে।
সেই ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে জয় ছিল ৪ উইকেটের।
এই সিরিজ দিয়েই মিরপুর শের-ই-বাংলায় প্রায় এক যুগ পর আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশের মেয়েরা। গোটা সিরিজেই বিনামূল্যে মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ আছে দর্শকদের সামনে। সেভাবে প্রচারণা হয়নি বা অন্য যে কারণেই হোক, কোনো ম্যাচেই দর্শক অবশ্য খুব বেশি দেখা যাচ্ছে না গ্যালারিতে।
তবু যারা গেছেন, তারা ঠিকই গলা ফাটিয়ে, নেচে-গেয়ে উদযাপন করেছেন বাংলাদেশের জয়। প্রথম ওয়ানডেতে জয়ের পর সেই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নিগার।
“ধন্যবাদ সবাইকে, আপনাদের সমর্থনেই আসলে... বলব যে এটা ঐতিহাসিক জয়, অনেক দিন ধরে অনেক কথাই শুনছিলাম, কিন্তু আপনাদের ইতিবাচক সমর্থনেই এটা (জয়) হয়েছে। আবার আসবেন, যেন আপনাদের আমরা গর্বিত করতে পারি।”
পরে সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়ক বললেন, এমন মুহূর্ত সামনে আরও অনেকবার এনে দেওয়ার সব চেষ্টাই তারা করবেন।
“আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। লম্বা সময় পর ভারতের বিপক্ষে জয়। বলব যে অনেক লম্বা সময়, পাশাপাশি মিরপুরের মাঠে জয়। আমি বলব অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।”
জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপনে বাঁধভাঙা কোনো উচ্ছ্বাস অবশ্য দেখা যায়নি। টি-টোয়েন্টিতে জয়ের পরও তাদের উদযাপন ছিল অনেকটা সাদামাটা। নিগার তখন বলেছিলেন, ওয়ানডেতে আরও ভালো করে উদযাপন করতে চান একসঙ্গে। এবার তিনি বললেন, তারা বড় করে উদযাপন করতে চান সিরিজ জিতে।
“অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে, না আসলে (কাজ) শেষ হয়নি এখনও। কারণ যখন আপনি ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ নেই (জিতি), আমাদেরও একই। কারণ জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা ধাপ এগিয়ে যাব, যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে।”
“এখন পর্যন্ত আমি বলব ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনও অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ জিততে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা উদযাপন করব।”
