পাঁচ বছর পর প্লাঙ্কেট শিল্ডে ফিরে উইলিয়ামসনের ফিফটি
চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার আগে নিজের অবস্থা পরখ করে নিলেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।
নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে নিজেকে মেলে ধরে একসময় নিউ জিল্যান্ড দলে জায়গা পেয়েছিলেন কেন উইলিয়ামসন। পরে তিনি হয়ে উঠেছেন দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান, বিশ্বের সেরাদের একজন। অনেক দিন পর সেই নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে খেলার উপলক্ষ পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
প্লাঙ্কেট শিল্ডে মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে অকল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ৬০ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন।
আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা, চোটঘাত, বিশ্রাম মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ কমই হয় উইলিয়ামসনের মতো তারকাদের। টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি সবশেষ খেলেছিলেন ২০১৯ সালের অক্টোবরে নর্দান ডিস্ট্রিক্টসের হয়েই।
পাঁচ বছর পর প্লাঙ্কেট শিল্ডে ফিরলেন মূলত নিজের প্রয়োজনেই। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরের পর থেকে কুঁচকির চোটের কারণে তিনি মাঠের বাইরে। ভারত সফরে ঐতিহাসিক সাফল্যের সিরিজে তিনি খেলতে পারেননি। চলতি শ্রীলঙ্কা সফরের দলেও তিনি নেই। সামনের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরবেন তিনি টেস্ট ক্রিকেটে। এর আগে ম্যাচ অনুশীলন সেরে নেওয়া জরুরি ছিল তার জন্য।
অনুশীলনের সেই চাওয়া তার ভালোভাবেই পূরণ হলো প্রথম দিনে। ১২২ বলের ইনিংসটি তিনি খেলেন তিন ঘণ্টার বেশি ক্রিজে কাটিয়ে।
দলের একমাত্র ফিফটি আসে তার ব্যাট থেকেই। প্রথম দিনে ২৬৮ রানে অলআউট হয় নর্দান ডিস্ট্রিক্টস।
টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ডের হয়ে যেমন দারুণ সফল উইলিয়ামসন, তেমনি নর্দান ডিস্ট্রিক্টসের হয়েও তার পারফরম্যান্স বেশ উজ্জ্বল প্রথম শ্রেণির ক্রিকেটে। এই ম্যাচের আগে তাদের হয়ে ২৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ২ হাজারের বেশি রান করেছেন ৫৪.৬২ গড়ে। ক্যারিয়ার সেরা ২৮৪ রানের ইনিংসটি খেলেছেন তাদের হয়েই।
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৮ নভেম্বর। প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে, পরের দুটি হ্যামিল্টন ও ওয়েলিংটনে।
