র্যাঙ্কিংয়ে সুরিয়াভানশির অবিশ্বাস্য লাফ
ওয়ানডের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় এসেছে পরিবর্তন, মাঠে না নেমেও শীর্ষে ফিরেছেন শুবমান গিল।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে দারুণ এক সিরিজ কাটিয়ে, এবার র্যাঙ্কিংয়েও নিজের ছাপ রাখলেন বৈভাব সুরিয়ানভানশি। টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় ২৩০ ধাপ এগোলেন ভারতের এই বিস্ময়-বালক।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। ২০ ওভারের সংস্করণের ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে বিশাল ওই লাফ দিয়ে ৪৮তম স্থানে আছেন সুরিয়ানভানশি।
আর ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় এসেছে পরিবর্তন, মাঠে না নেমেও শীর্ষে ফিরেছেন ভারতের তারকা ব্যাটসম্যান শুবমান গিল।
ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং অন্যান্য সব জায়গায় নিজের প্রতিভার ঝলক দেখিয়ে জাতীয় দলে পা রাখেন সুরিয়াভানশি। ইংল্যান্ড সফরে শুরুটা আশানুরূপ হয়নি তার। তবে ঘুরে দাঁড়াতেও তিনি সময় নেননি একদমই; জিম্বাবুয়ের বিপক্ষে করেন অসাধারণ পারফরম্যান্স।
সফরে প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েন তিনি, ১৫ বছর ১১৮ দিন বয়সে। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ফেরার পর, শেষ ম্যাচে খেলেন ৮১ রানের দুর্দান্ত ইনিংস। ৫০.৩৩ গড়ে ১৫১ রান করে ক্যারিয়ারে প্রথম সিরিজ সেরার পুরস্কারও জয় করেন সুরিয়াভানশি।
হারারেতে ওই সিরিজটা ভীষণ খারাপ কাটে ভারতের আরেক মারকুটে ওপেনার আভিষেক শার্মার; তিন ম্যাচে একবারও ছুঁতে পারেননি দুই অঙ্ক, মোট করেন ১১ রান। তাতে এক ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন তিনি। দুইয়ে উঠেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
এই তালিকায় চূড়ায় আগের মতোই আছেন ইশান কিষান। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে এই ব্যাটসম্যানের পয়েন্ট হয় ৯১৬, যা তার ক্যারিয়ার সেরা। আর এই সংস্করণে ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট; ৯৩১ পয়েন্ট নিয়ে রেকর্ড তার সতীর্থ আভিশেকের দখলে, ৯১৯ পয়েন্ট নিয়ে এই তালিকার দুইয়ে ইংল্যান্ডের ডেভিড মালান।
অবশ্য সিরিজের তৃতীয় ম্যাচে ২৯ রানে আউট হওয়ায় কিষানের রেটিং কমে এখন হয়েছে ৯১০। তবুও দ্বিতীয় স্থানে থাকা সাহিবজাদার (৮৪৮) চেয়ে অনেক এগিয়ে।
এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন তানজিদ হাসান, ২০ নম্বরে। আর এক ধাপ নেমে ২৮ নম্বরে আছেন সাইফ হাসান এবং এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাওহিদ হৃদয়।
টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য কোনো বদল আসেনি। শীষ চারে নেই কোনো পরিবর্তন, নিজেদের জায়গাতেই আছেন চার লেগ স্পিনার।
সবার ওপরে আছেন আফগান তারকা রাশিদ খান। পরের তিনটি স্থানে পাকিস্তানের আবরার আহমেদ, ইংল্যান্ডের আদিল রাশিদ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে নাসুম আহমেদ; এক ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন তিনি।
এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও এবারের র্যাঙ্কিংয়ের হালনাগাদের বিবেচনায় এসেছে। শেষ দুই ম্যাচে অনুপস্থিত ড্যারিল মিচেল দুইয়ে নেমে গেছেন, আর শীর্ষে উঠেছেন গিল।
গত বছরের জানুয়ারি থেকে এই তালিকায় শীর্ষে ছিলেন মিচেল।
ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি। এই র্যাঙ্কিংয়ের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে হৃদয়, ২২ নম্বরে। ২৫ নম্বরে তানজিদ।
৫০ ওভারের ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন রাশিদ খান। এই তালিকার শীর্ষ দশে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন নামিবিয়ার স্পিনার বের্নার্ড শুলজ; পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন তিনি।
এক ধাপ নিচে নেমে নবম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখানে তিনিই সবার উপরে। আর সাম্প্রতিক সময়ে সাড়া জাগানো পেসার নাহিদ রানা আছেন ১৩ নম্বরে, শরিফুল ইসলাম ১৬ নম্বরে।
ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। আর দুইয়ে মিরাজ।
