১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে সোবহানা ও ফারজানার উন্নতি

মেয়েদের ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি।

র‍্যাঙ্কিংয়ে সোবহানা ও ফারজানার উন্নতি
সোবহানা মোস্তারি। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে উপরে উঠছেন সোবহানা মোস্তারি। এবার আরও দুই ধাপ এগিয়েছেন তিনি। সবশেষ ম্যাচে না খেলেও অগ্রগতি হয়েছে ফারজানা হকের।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি।

উইমেন’স বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে ৪টি চারে ২১ বলে ২৬ রান করেন সোবহানা। যার সুবাদে র‍্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে উঠেছেন তিনি। ফারজানা আছেন ৪৬তম স্থানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে শারমিন আক্তার। এক ধাপ নিচে নেমে ৩০ নম্বরে আছেন তিনি। নিগার সুলতানার অবনতি ২ ধাপ, অবস্থান ৩৬তম।

ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের স্মৃতি মান্ধানা। ক্যারিয়ার সেরা ৮২৮ রেটিং পয়েন্ট তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের চমৎকার ইনিংসের পর বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানে অপরাজিত থাকেন তারকা ওপেনার।

৬ ধাপ এগিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের অগ্রগতি দুই ধাপ, আছেন তিনে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যালানা কিং ৫ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা দুই নম্বরে। তিনে নেমে গেছেন গার্ডনার।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার আগের মতোই ত্রয়োদশ স্থানে। আর কারো উন্নতি হয়নি।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় গার্ডনার।