লাইভ: সাদমান-মুশফিক-লিটনের ব্যাটে বাংলাদেশের দিন
৫ উইকেটে ৩১৬ রানে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ এখনও ১৩২ রানে পিছিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২ ওভারে ৩১৬/৫
চার ফিফটিতে বাংলাদেশের দিন
শুরুতে পথ দেখালেন সাদমান ইসলাম। তাদের দারুণ সঙ্গ দিলেন মুমিনুল হক। তাদের বিদায়ের পর দলকে টানলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের চার ফিফটিতে পিন্ডি টেস্টে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬। এখনও ১৩২ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
সারা দিনে ৮০ ওভার বোলিং করে কেবল ৫ উইকেট নিতে পেরেছে পাকিস্তান, খরচ করেছে ২৮৯ রান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২২ বলে ৭ চারে ৫৫ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিক। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন কিপার-ব্যাটসম্যান লিটন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা ১১৮ বলে গড়েছেন ৯৮ রানের জুটি। সেটাই দলকে দেখাচ্ছে লিড নেওয়ার আশা।
২৯ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন সাদমান। শেষ পর্যন্ত ৯৩ রান করে থামেন বাঁহাতি এই ওপেনার। সাবলীল ব্যাটিংয়ে ৭৬ বলে ৫০ রান করেন চারে নামা মুমিনুল।
৪৭ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার খুররম শাহজাদ। একটি উইকেট নেন সাইম আইয়ুব, মোহাম্মদ আলি ও নাসিম শাহ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭/০) ৯২ ওভারে ৩১৬/৫ (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, আইয়ুব ৫-১-২৩-১)
তৃতীয় রিভিউও হারাল পাকিস্তান
দিনের শেষ বলে উইকেটের আশায় রিভিউ নিয়ে ব্যর্থ হলেন শান মাসুদ। বাংলাদেশের ৫ উইকেট বাকি থাকতে সব রিভিউ হারাল পাকিস্তান।
খুররম শাহজাদের বল মুশফিকুর রহিমের ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে প্যাডে। সরাসরি প্যাডে লেগেছে ভেবে জোরাল আবেদন করে পাকিস্তান। আম্পায়ার সাড়া না দিলে নেয় রিভিউ।
পরে রিপ্লেতে দেখা যায় ব্যাটে কানা ছুঁয়েছিল বল। এরপরই শেষ হয় দিনের খেলা।
৯২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১৬। সফরকারীরা এখনও ১৩২ রানে পিছিয়ে।
ছক্কায় বল হারালেন লিটন
শুরু থেকে আস্থার সঙ্গে খেলা লিটন দাস মাত্র ৫২ বলে স্পর্শ করলেন পঞ্চাশ! নাসিম শাহর ওভার শুরুর সময় কিপার-ব্যাটসম্যানের রান ছিল ৩২। পাঁচ বলে তিন চার ও ছক্কায় ১৮ রান নিয়ে তিনি পা রাখলেন পঞ্চাশে। এর মধ্যে হারালেন একটি বলও!
নাসিমের প্রথম বলে বেরিয়ে এসে দুর্দান্ত স্ট্রেট ড্রাইভে মারেন চার। ম্যাচের সেরা শটেরই একটি সেটি। পরের বলে পিছিয়ে গিয়ে পুল করে মারেন আরেকটি।
তৃতীয় বল ডট খেলার পর ছক্কায় বল পাঠান স্টেডিয়ামের বাইরে! পরের বলে আরেকটি চারে স্পর্শ করেন পঞ্চাশ।
৮৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩০৬। ১০৯ বলে ৫১ রানে খেলছেন মুশফিকুর রহিম। ৫৩ বলে আট চার ও এক ছক্কায় লিটনের রান ৫০।
বাংলাদেশ এখনও ১৪২ রানে পিছিয়ে।
দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের পঞ্চাশ
শাহিন শাহ আফ্রিদির তিন বলের মধ্যে দুটি বাউন্ডারি পেলেন মুশফিকুর রহিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান স্পর্শ করলেন পঞ্চাশ, ১০৪ বলে।
লিটন দাসের সঙ্গে চমৎকার জুটিতে ক্রমেই পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমাচ্ছেন মুশফিক। বাজে বল পেলে বাউন্ডারি মারছেন, ভালো বল ছাড়ছেন। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা।
প্রথম রানের দেখা পেয়েছিলেন ১২তম বলে। এরপর থেকে ব্যাটিংয়ে বেশ সচ্ছন্দ মুশফিক। দ্বিতীয় নতুন বলও খেলছেন আস্থার সঙ্গে।
৮৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৮৮। ১০৯ বলে ৫১ রানে খেলছেন মুশফিক। ৪৭ বলে লিটনের রান ৩২।
মুশফিক-লিটনের জুটিতে পঞ্চাশ
দুই থিতু ব্যাটসম্যানের পর সাকিব আল হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়ে যাওয়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে।
দুই জনে ষষ্ঠ উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ৬৭ বলে। দ্বিতীয় নতুন বলে বেশ দ্রুত রান তুলছেন দুই ডানহাতি ব্যাটসম্যান। তাদের ব্যাট থেকে বাউন্ডারি আসছে নিয়মিতই।
৮৪ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৬৯। ৩৭ বলে চারটি চারে ২৭ রানে ব্যাট করছেন কিপার-ব্যাটসম্যান লিটন। ৯৪ বলে পাঁচ চারে মুশফিকের রান ৪২।
বাংলাদেশ এখনও ১৭৯ রানে পিছিয়ে।
দ্বিতীয় নতুন বলের চ্যালেঞ্জ মুশফিক-লিটনের সামনে
৮১তম ওভার স্পিনার দিয়ে করিয়েই নতুন বল নিলেন শান মাসুদ। নাসিম শাহর হাতে দ্বিতীয় নতুন বল তুলে দিলেন পাকিস্তান অধিনায়ক। তৃতীয় সেশনে স্বাগতিক পেসারদের চ্যালেঞ্জ সামলাতে হবে মুশফিকুর রহিম ও লিটন দাসের।
৮২তম ওভারে নাসিম বেশ ভোগালেও দুটি বাউন্ডারি পেয়েছেন মুশফিক। শাহিন শাহ আফ্রদির পরের ওভারে দ্রুত রান নেওয়ার চেষ্টায় রান আউট হতে বসেছিলেন লিটন দাস।
৮২.৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৬০।
টিকলেন না সাকিব
কাজে লেগে গেল শান মাসুদের ফাটকা। অনিয়মিত বোলার সাইম আইয়ুবকে আক্রমণে এনেই পেলেন সাফল্য। অফ স্পিনে সাকিব আল হাসানকে ফিরিয়ে দিলেন সাইম।
প্রথম বলে চার মেরে নতুন বোলারকে স্বাগত জানান সাকিব। চতুর্থ বলে কাভার ড্রাইভের চেষ্টায় বাঁহাতি অলরাউন্ডার ধরা পড়েন মাসুদের হাতে!
১৬ কলে দুই চারে সাকিব করেন ১৫ রান।
৭৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২১৮। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী লিটন দাস। পাকিস্তানের চেয়ে এখনও ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ।
সাদমানের ৭ রানের আক্ষেপ
টেস্ট ক্রিকেটের ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙানোর হাতছানি ছিল সাদমান ইসলামের সামনে। কিন্তু একটুর জন্য পারলেন না বাঁহাতি ওপেনার। মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে গেলেন তিনি ৯৩ রানে।
চা-বিরতির আগে সেটা ছিল শেষ বল। অফ স্টাম্প ঘেঁষে করা বল অফে খেলার চেষ্টা করে লাইনে যেতে পারেননি সাদমান। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে।
নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের মতো অনেকটা একইভাবে আউট হলেন সাদমান। ভাঙে ৮৯ বল স্থায়ী ৫২ রানের জুটি।
১৮৩ বলে খেলা তার ৯৩ বলের ইনিংস গড়া ১২টি চারে।
চা-বিরতিতে যাওয়ার সময় ৬৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৯। ৪৮ বলে ১৫ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এখনও ২৪৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
রিভিউ নিয়ে বাঁচলেন সাদমান
আঘা সালমানের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন সাদমান ইসলাম। অফ স্পিনারের বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
স্পিন করে ভেতরে ঢোকা বল অফে খেলতে চেয়েছিলেন সাদমান। ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। অনেকটা সময় নিয়ে আউট দেন আম্পায়ার।
মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলে রিভিউ নেন সাদমান। ইম্প্যাক্ট ছিল মিডল স্টাম্পে। তবে বল মিস করত লেগ স্টাম্পও। তাই বেঁচে যান বাঁহাতি ব্যাটসম্যান।
৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৮। ১১ বলে শূন্য রানে খেলছেন মুশফিক। ১৪৪ বলে সাদমানের রান ৫৮।
পাকিস্তানের আরেকটি ব্যর্থ রিভিউ
মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের রিভিউ নিয়ে ব্যর্থ হলো পাকিস্তান। ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে।
খুররম শাহজাদের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন মুশফিক। প্যাড ছুঁয়ে ব্যাটে লাগায় এলবিডব্লিউর জোরাল আবেদন করে পাকিস্তান । আম্পায়ারের সাড়া না মেলায় শেষ মুহূর্তে রিভিউ নেন শান মাসুদ।
বল ট্র্যাকিংয়ে দেখা যায় ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। তাই ব্যর্থ হয় স্বাগতিকদের দ্বিতীয় রিভিউ। তখনও রানের খাতা খুলতে পারেননি মুশফিক।
৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৮। ১১ বলে শূন্য রানে ব্যাট করছেন মুশফিকর। ১৩৮ বলে ৫৭ রানে খেলছেন সাদমান ইসলাম।
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন মুমিনুল
ঠিক যেন নাজমুল হোসেন শান্তর আউটের পুনরাবৃত্তি। খুররম শাহজাদের অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারি একইভাবে সামলানোর চেষ্টায় বোল্ড হলেন মুমিনুল হক।
অ্যাঙ্গেলে একটু ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। ব্যাট ছিল শরীর থেকে অনেক দূরে। ব্যাট-প্যাডের মধ্যে থাকা বিশাল ফাঁক গলে বল আঘাত হানে অফ স্টাম্পে। ভাঙে ৯৪ রানের জুটি।
৭৬ বলে পাঁচ চারে ৫০ রান করেন মুমিনুল।
৫২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৭। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুশফিকুর রহিম।
৭৫ বলে মুমিনুলের পঞ্চাশ
সাদমান ইসলামের পর পঞ্চাশের দেখা পেয়েছেন মুমিনুল হক। শুরু থেকে আত্মবিশ্বাসী ব্যাটিং করা অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের ১৯তম পঞ্চাশ ছুঁয়েছেন ৭৫ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি চার।
এক প্রান্তে সাবধানী ব্যাটিং করছেন সাদমান ইসলাম। অন্যপ্রান্তে রানের চাকা সচল রেখেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব্যাটস্যমােনর জুটিতে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ।
৫১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪৭। ৭৫ বলে ৫০ রানে খেলছেন মুমিনুল। ১৩২ বলে সাদমানের রান ৫৭।
আড়াই বছর পর ফিরেই সাদমানের পঞ্চাশ
তিন ঘণ্টার প্রথম সেশনের শেষ বল। নাসিম শাহর শর্ট বলে একটু পিছিয়ে গিয়ে চমৎকার পুলে বাউন্ডারি মারলেন সাদমান ইসলাম। ২০১৫ সালের পর পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান স্পর্শ করলেন পঞ্চাশ।
শেষ শটের মতো পুরো সেশনের লড়াইয়েও জয়ী বাংলাদেশ। প্রথম ঘণ্টায় জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও ভালো ভিতই পেয়েছে সফরকারীরা। এতে সাদমানের মতোই গুরুত্বপূর্ণ অবদান আছে মুমিনুল হকের।
তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৪। ১২৩ বলে ছয় চারে ৫৩ রানে ব্যাট করছেন সাদমান। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনারের এটি তৃতীয় পঞ্চাশ, সঙ্গে আছে একটি সেঞ্চুরি।
তার সঙ্গে ১২৭ বলে ৮১ রানের জুটি গড়া মুমিনুল হক দাঁড়িয়ে পঞ্চাশের খুব কাছে। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ৬৬ বলে চারটি চারে খেলছেন ৪৫ রানে।
৩৬ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে যোগ করেছে ১০৭ রান। পাকিস্তানের চেয়ে এখনও ৩১৪ রানে পিছিয়ে তারা।
একটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও খুররম শাহজাদ। স্বাগতিক বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংই করছেন মুমিনুল। অন্যদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ব্যবধান আরও কমিয়ে আনতে থিতু দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
সাদমান-মুমিনুলের জুটিতে পঞ্চাশ
এক প্রান্তে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় দলকে টানছেন ওপেনার সাদমান ইসলাম। আরেক প্রান্তে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছে মুমিনুল হক। দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি পঞ্চাশ ছুঁয়েছে ৭৯ বলে।
তৃতীয় দিন প্রথম ঘণ্টায় জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। এরপর থেকে দলকে এগিয়ে নিচ্ছেন সাদমান ও মুমিনুল। পাকিস্তানের পেস ও স্পিন তারা সামাল দিচ্ছেন দারুণ দক্ষতায়।
৪০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৩। ৩৩ বলে বলে ২০ রানে ব্যাট করছেন মুমিনুল। ১০৮ বলে ৪৭ রানে খেলছেন সাদমান।
টিকলেন না শান্ত
অ্যারাউন্ড দা উইকেটে বোলিং করে যাওয়ার পরিকল্পনা সফল হলো পাকিস্তানের। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।
অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু লাইনে যেতে পারেননি, ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত হানে অফ স্টাম্পে।
দুই চারে ৪২ বলে ১৬ রান করেন শান্ত।
২৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৩। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
ক্রিজে পড়ে যাওয়ার পর থেকে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। তাকে ফেরাতে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
খুররম শাহজাদের বল ডিফেন্স করার চেষ্টায় সফল হননি বাংলাদেশ অধিনায়ক। বল আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে আম্পায়র সাড়া না দিলে রিভিউ নেন শান মাসুদ। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, শাহজাদের ডেলিভারি পিচ করেছিলন লেগ স্টাম্পের বাইরে। নষ্ট হয় পাকিস্তানের একটি রিভিউ।
২৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৬। ৩৪ বলে ১১ রানে খেলছেন শান্ত। ৫৮ বলে ওপেনার সাদমান ইসলামের রান ১৭।
জাকিরের বিদায়ে ভাঙল শুরুর জুটি
তৃতীয় দিন সকালে খুব একটা লম্বা হলো না উদ্বোধনী জুটির প্রতিরোধ। আধ ঘণ্টার কম সময়ের মধ্যেই ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। দুর্দান্ত ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন পাকিস্তানের উইকেট মোহাম্মদ রিজওয়ান।
নাসিম শাহর করা অফ স্টাম্পের একটু বাইরের বল পয়েন্টের দিকে স্টিয়ার করেছিলেন জাকির। ব্যাটের কানায় লেগে ক্যাচ যাচ্ছিল প্রথম স্লিপে। তবে ঝাঁপিয়ে বল গ্লাভসে জমান কিপার রিজওয়ান। ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি।
অতো বাইরের বল তাড়ার কোনো দরকার ছিল না। অনায়াসেই ছেড়ে দিতে পারতেন জাকির। তার দায়িত্বশীল ইনিংসের সমাপ্তি হলো অহেতুক এক শটে। ৫৮ বলে এক চারে তিনি থামলেন ১২ রানে।
১৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খুনের মামলা মাথায় নিয়ে মাঠে সাকিব
আন্দোলন সহিংসতায় ছাত্র-জনতার হতাহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতায় প্রথমবারের মত আসামির তালিকায় এসেছে সাকিব আল হাসানের নাম।
গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবকে আসামি করা হয়। পাকিস্তানের বিপক্ষে চলমান পিন্ডি টেস্টে খেলছেন অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডার।
দ্বিতীয় দিন শেষে যেখানে দাঁড়িয়ে টেস্ট
পিন্ডি টেস্টে বল হাতে শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ৩ উইকেট নিলেও কম রানে থামাতে পারেনি পাকিস্তানকে। মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দলকে ম্যাচে রাখতে এবার লড়াইয়ের দায়িত্ব ব্যাটসম্যানদের কাঁধে। দ্বিতীয় দিন শেষ বেলায় অন্তত দায়িত্বশীলতার ছাপ রাখতে পেরেছেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।
শেষ বেলায় স্নায়ু চাপ সামলে কাটিয়ে দিয়েছেন ১২ ওভার। এই সময়ে তুলেছেন ২৭ রান। এখনও ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ। তাই শুক্রবার তৃতীয় দিনে তাদের সামনে অপেক্ষা করছে একই রকম কঠিন চ্যালেঞ্জ।
৩০ বলে দুই চারে ১২ রান করেছেন সাদমান। ৪২ বলে এক চারে জাকিরের রান ১১।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০ (সাদমান ১২*, জাকির ১১*; শাহিন ৪-১-৮-০, নাসিম ৫-১-৭-০, শাহজাদ ৩-০-৮-০)
