২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশিরের কারণেই তাসকিনদের কৃতিত্ব বেশি দিচ্ছেন অধিনায়ক

শিশিরের কারণে বোলারদের কাজ ছিল কঠিন, তার পরও দারুণ বোলিং করেছেন তাসকিন-মুস্তাফিজ-মেহেদি-সাইফরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 10:53 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

টস জিতে আগে বোলিং নেওয়ার একটি কারণ ছিল রাতে শিশিরের প্রভাব। তবে সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর একটু পরই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সবুজ ঘাসের ডগায় চকচক করতে থাকে শিশির। ক্রমে শিশিরের পরিমাণ বাড়ে আরও, বোলারদের কাজ হয়ে ওঠে কঠিন। তার পরও দুদার্ন্ত বোলিং করায় অধিনায়ক লিটস দাসের প্রশংসা পাচ্ছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শনিবার নেদার‌ল্যান্ডসকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। সিলেটে ডাচদের ১৩৬ রানে আটকে রেখে জয়ের ভিত গড়ে দেন বোলাররা।

প্রথম ব্রেক থ্রু এনে দেওয়া তাসকিন নিজের প্রথম দুই ওভারেই প্রথম বলে শিকার করেন উইকেট। পরে শেষ দুই ওভারে আরও দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা অভিজ্ঞ এই পেসার। 

মুস্তাফিজুর রহমান একটি উইকেট নিলেও চার ওভারে রান দেন কেবল ১৯। প্রায় দুই বছর পর ফেরা সাইফ হাসান বোলিংয়ে এসেই প্রথম ওভারে পেয়ে যান দুটি উইকেট। কোনো উইকেট না পেলেও চার ওভারে স্রেফ ২১ রান দেন নতুন বলে শুরু করা শেখ মেহেদি হাসান।

ম্যাচের পর বোলারদের কথাই আলাদা করে বললেন অধিনায়ক।

“অবশ্যই (বোলাররা খুব ভালো করেছে)। আপনারা দেখেছেন, আজকে শিশির ছিল বেশ। যেভাবে আমাদের বোলাররা বল করেছে, বিশেষ করে তাসকিন ও ফিজ (মুস্তাফিজ) যেভাবে বোলিং করেছে এবং মাঝের সময়টায় সাইফ হাসান খুব ভালো বোলিং করেছে।”

দুই উইকেট হারানোর ধাক্কা সামলে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরু যখন পাল্টা আক্রমণ শুরু করেছিলেন (জুটি ১৫ বলে ২৮ রানের), তখনই এক ওভারে এই দুজনকেই ফেরান সাইফ।

খন্ডকালীন এই অফ স্পিনারকে বোলিংয়ে আনার পেছনের ভাবনা জানালেন লিটন। 

“রিশাদ যখন বোলিংয়ে এলো, ততক্ষণে মাঠে বেশ শিশির পড়ে গেছে। রিশাদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। এজন্যই সাইফকে বোলিংয়ে এনেছিলাম, স্রেফ দেখতে যে সে কেমন বোলিং করে।”

রান তাড়ায় ইনিংসের প্রথম তিন বলেই দুটি চার ও একটি ছক্কা মেরে দেন পারভেজ হোসেন ইমন। পরে তিনি আউট হয়ে যান বটে। তবে লিটনের ২৯ বলে অপরাজিত ৫৪ ও সাইফের ১৯ বলে অপরাজিত ৩৬ রানে বাংলাদেশ খেলা শেষ করে দেয় ৩৯ বল বাকি রেখে।

লক্ষ্য কঠিন ছিল না বলে ব্যাটসম্যানদের বাড়তি কিছু করতে হয়নি, বললেন লিটন।

“এই উইকেটে ১৩৭ রানের লক্ষ্য বড় কিছু নয়। প্রথম ওভারে ইমন যেভাবে শুরু করেছে, মোমেন্টাম আমাদের দিকে চলে এসেছে। এরপর আমরা চেয়েছি শুধু এটা ধরে রাখতে।”

সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।