২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দুটি শূন্য স্যামসনের, তবু অপেক্ষা করতে হবে সুরিয়াভানশিকে

ভারতীয় দলে অভিষেকের ক্ষেত্রে আলাদা বাড়তি কোনো বিবেচনা প্রযোজ্য হবে না বৈভাব সুরিয়াভানশির ক্ষেত্রে, অন্যদের মতোই প্রক্রিয়া মেনে আসতে হবে তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বৈভাব সুরিয়াভানশির অপেক্ষায় রেকর্ড বই। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। মুখিয়ে আছে ভারতের টিম ম্যানেজমেন্টও। তবে সেই উত্তেজনার স্রোতে প্রক্রিয়া ভাসিয়ে দিতে চান না তারা। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে জানালেন, অন্য সবার মতোই প্রক্রিয়ার পথ ধরেই একাদশে জায়গা আদায় করে নিতে হবে সুরিয়াভানশি।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়ার পর ধারণা করা হচ্ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে সুরিয়াভানশির। মাঠে নামলেই তিনি হয়ে হয়ে যাবেন ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডে দুই ম্যাচেই সাঞ্জু স্যামসন ও আভিশেক শার্মার পরীক্ষিত জুটির ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট।

এই দুই ম্যাচেই প্রথম বলে আউট হন স্যামসন। প্রশ্নটা তাই উঠে যাচ্ছে, পরের সিরিজে ইংল্যান্ডে কি অভিষেক হচ্ছে সুরিয়াভানশির?

টেন ডেসকাটে সাফ জানিয়ে দিলেন, সুরিয়াভানশির জন্য প্রচলিত ধারায় কোনো পরিবর্তন আনবেন না তারা। 

“সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, কোনো সন্দেহ নেই। তবে আমি মনে করি, সাঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এমন একজন ব্যাটসম্যান, যে তিন মাস আগে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এমন একজন, যার আইপিএলও বেশ ভালো কেটেছে।”

“ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেওয়ার ক্ষেত্রে এবং ওদের প্রতি বার্তা দেওয়ার ক্ষেত্রে দল নির্বাচনের ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওদেরকে দলে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দিতে চাই। তাই বৈভাব যতটা প্রস্তুতই থাকুক না কেন এবং তাকে খেলতে দেখার জন্য আমরা ও আপনারা যতটা রোমাঞ্চিতই থাকুন না কেন, তাকেও অন্য সবার মতো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে সে কতটা ভালো এবং কতটা প্রস্তুত, তা নিয়ে কোনো প্রশ্নই নেই।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ তিন ম্যাচে ৯৭, ৮৯ ও ৮৯ রানের ইনিংস খেলেছেন স্যামসন। পরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে করেছেন দুটি সেঞ্চুরি।

এই আইপিএলেই রেকর্ডের পর রেকর্ড গড়ে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন। তবে টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত থেকে পরিষ্কার, তার অভিষেক হওয়াটা টপ অর্ডারের পারফরম্যান্সের ওপরই বেশি নির্ভর করছে। 

ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটি অবশ্য পাঁচ ম্যাচে। ভারত সিরিজ জিতে যাওয়ার পরও যদি দু-একটি ম্যাচ থাকে, সুরিয়াভানশির সুযোগ আসতে পারে। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এশিয়ান গেমসের দলেও রাখা হয়েছে ১৫ বছর বয়সী ব্যাটিং-বিস্ময়কে।