১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরিতে হিলির কীর্তি

উইমেন’স বিশ্বকাপে তৃতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

ভারতের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরিতে হিলির কীর্তি
অ্যালিসা হিলি। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ইনিংসের পঞ্চম ওভারে দুই চার মেরে শুরু। এরপর কেবল সামনের দিকে ছুটলেন অ্যালিসা হিলি। ভারতীয় বোলারদের তুলাধুনা করে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। সঙ্গে দারুণ এক কীর্তিতেও নাম লেখালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ।

ভিশাখাপাত্নামে রোববার উইমেন’স বিশ্বকাপে ভারতের ৩৩০ রানের জবাবে ইনিংস শুরু করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে ১৪২ রান করেন হিলি। তার ১০৭ বলের ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ২১ চারে।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এটি হিলির তৃতীয় সেঞ্চুরি। ২০২২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৯ রান করেছিলেন তিনি। 

অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে এই সংস্করণের বিশ্বকাপে হিলির চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারো। বৈশ্বিক আসরে ২২ ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিং। ২৮ ম্যাচে সমান তিন শতক পেয়েছিলেন কারেন রল্টন।

ওয়ানডেতে হিলির এটি ষষ্ঠ সেঞ্চুরি। এই সংস্করণে অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল দুইজনের- ল্যানিং (১৫) ও রল্টনের (৮)।  

রান তাড়ায় রেকর্ড গড়ার লক্ষ্যে নেমে প্রথম ৭ বলে ৪ রান করেন হিলি। এরপর আমানজোত কৌরকে তিন বলে দুই চার মেরে ডানা মেলে দেন তিনি। এরপর ক্রান্তি গৌড়কে টানা চার বলে মারেন একটি ছক্কা ও তিনটি চার।

আগ্রসী ব্যাটিংয়ে ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন হিলি। কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি ৮৪ বলে। এই সময়ে একটি ছক্কার সঙ্গে চার মারেন ১৫টি।

সেঞ্চুরির পর থেমে যাননি হিলি। বিশাল লক্ষ্য তাড়ায় দলকে আরও এগিয়ে নেন তিনি। তবে কাজ শেষ করে ফিরতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৩৯তম ওভারে শ্রী চারানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে স্নেহ রানার দারুণ ক্যাচে ফেরেন তিনি।

মান্ধানার অনন্য কীর্তি, কোহলিকে ছাড়িয়ে গড়লেন রেকর্ড

৩৩০ রান তাড়া করে হিলি-পেরিদের রেকর্ড