বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যথা সময়ে অর্থ পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি।
যথা সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য করা চুক্তি বাতিল করেছে ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার।
নথি দেখে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল এবারের আসরে। পরে ভারতীয় বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয় তখন।
পরে লিটন দাসের দলের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
বাংলাদেশের পক্ষ থেকে গত শনিবার ‘আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা’ পুনর্বিবেচনার কথা বলে জানায়, পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর। এবার জিওস্টার চুক্তি বাতিল করায় বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত পাল্টায়ও, তারপরও বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ থাকল না।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস। তবে, গত ১৭ ফেব্রুয়ারি তাদের পাঠানো এক চিঠিতে জিওস্টার ‘তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করার’ কথা জানায়।
জিওস্টারের দাবি, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।
আম্বানির রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনির যৌথ উদ্যোগ জিওস্টারের মন্তব্য পায়নি রয়টার্স। মন্তব্যের জন্য টি-স্পোর্টস ও বাংলাদেশের ক্রীড়া এবং তথ্য মন্ত্রণালয়েরও সাড়া পায়নি তারা।
বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ আইপিএলের মূল্য এক হাজার ৮৫০ কোটি ডলার। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেটের এই টুর্নামেন্ট। গত শনিবার শুরু হয়েছে এর নতুন আসর।
২০২৪ সালের অগাস্টে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে।
নির্বাচনে জিতে সরকার গঠনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দেন।
১৭ ফেব্রুয়ারি আরেকটি চিঠিতে একই কারণে বাংলাদেশে উইমেন’স প্রিমিয়ার লিগ সম্প্রচারের জন্য করা চুক্তিও বাতিল করে জিওস্টার।
