২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে

সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 01:17 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারে ক্ষীণ হলেও এখনও সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে আছে নাজমুল হোসেন শান্তর দলের। 

সেন্ট লুসিয়ায় সোমবার অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সুপার এইটের এক নম্বর গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে উঠেছে ভারত।

এই পর্বে ৩ ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে। ২ পয়েন্ট করে নিয়ে অস্ট্রেলিয়া দুইয়ে ও আফগানিস্তান তিনে আছে। নেট রানরেটে আফগানিস্তানের (-০.৬৫০) চেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া (-০.৩৩১)। বাংলাদেশ এখনও পয়েন্ট পায়নি (নেট রানরেট -২.৪৮৯)।

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ম্যাচটি পরিত্যক্ত হলে কিংবা আফগানিস্তান জিতলে তারা উঠে যাবে সেমি-ফাইনালে। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে ১৬০ রান করে এবং ৬২ রানে জিততে পারে, তাহলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ২। তখন নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ যাবে সেমি-ফাইনালে। এর চেয়ে কম রানে (আগে ব্যাটিং ধরে) বাংলাদেশ জিতলে নেট রানরেটে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া উঠবে সেমি-ফাইনালে।