২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব পেয়েই বিসিবিতে এলেন তামিম, অফিস ছেড়ে গেলেন আমিনুল

দায়িত্ব পাওয়ার দিনই নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা ডেকেছেন বিসিবি প্রধান।

দায়িত্ব পেয়েই বিসিবিতে এলেন তামিম, অফিস ছেড়ে গেলেন আমিনুল
বিসিবি সভাপতির চেয়ার তামিম ইকবাল। ছবি: রতন গোমেজ/বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

নতুন বিসিবি প্রধান হিসেবে তামিম ইকবালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো ঘোষণা করা হলো বিকেল ৪টার পরপর। সন্ধ্যার ৬টার দিকে বিসিবি কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসলেন সাবেক এই অধিনায়ক। শুরু হলো বাংলাদেশের ক্রিকেটে তামিমের নতুন অধ্যায়।

আপাতত এই অধ্যায়ের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। সেই নির্বাচনেও দেশের সফলতম ওপেনার অংশগ্রহণ করবেন বলে নিশ্চিতভাবেই ধারণা করে নেওয়া যায়।

তামিম আসার আগেই বোর্ড ছেড়ে যান বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন চলছিল কয়েক দিন ধরেই। তবে মঙ্গলবারই তা সেই খড়গ নেমে আসবে, আমিনুল হয়তো ধারণা করতে পারেননি। এ দিন দুপুরে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদকে নিয়ে। বিকেলের দিকে তারা ফিরে আসে বোর্ডে। একটু পরই ছড়িয়ে পড়ে এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার খবর।

গত বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে যে কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, সেই কমিটির পর্যবেক্ষণে নির্বাচনে অনেক অনিয়ম ফুটে উঠেছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক-ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান। সেটির প্রেক্ষিতেই আমিনুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির নামও ঘোষণা করেন তিনি। 

খবর আসার পরপরই বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন স্টেডিয়াম আঙিনা ছেড়ে যান আমিনুল, খালেদ, নাজমূল আবেদীনসহ বিদায়ী বিসিবি পরিচালকরা।

তামিম বোর্ডের আসার আগেই বিসিবি প্রাঙ্গনে জমে যায় অনেক লোকের ভিড়। সেখানে সংবাদকর্মীরা যেমন ছিলেন, তেমনি দেখা যায় প্রচুর বহিরাগত। তামিম আসার পর সেই বহিরাগতরা মিছিল আর তুমুল স্লোগানে স্বাগত জানায় বিসিবি প্রধান।

এটি অবশ্য গত কয়েকটি বিসিবি প্রধানের সময়ও দেখা গেছে। নাজমুল হাসান তিন দফায় বিসিবি সভাপতি হওয়ার পর প্রতিবারই নির্বাচনের সময়টায় এরকম মিছিল-স্লোগান দেখা গেছে। পরে ফারুক আহমেদ এবং তার পরে আমিনুল সভাপতির দায়িত্ব নেওয়ার সময়ও বহিরাগতদের এমন স্লোগান দেখা গেছে। সেই ধারাবাহিকতা বজায় থাকল তামিমের সময়ও।

বোর্ডে আসার পরপরই বিভিন্ন বিভাগের সঙ্গে ছোট ছোট বৈঠক সেরে নেন নতুন বোর্ড প্রধান। অ্যাডহক কমিটির সভাও ডেকেছেন তিনি এ দিনই। সন্ধ্যার পর বিসিবি কার্যালয়ে আসতে দেখা যায় বোর্ড সদস্যদের। 

আমিনুল ও তার বোর্ডের পরিচালকদের বেশ কজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় অনেকের, কেউ কেউ রিসিভ করেননি ফোনকল। তাদের প্রতিক্রিয়া তাই জানা যায়নি।