২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় তাইজুল

প্রথম ইনিংসে সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম, দ্বিতীয় ইনিংসে তিনি নিজেকে তুলে নিলেন সবার ওপরে।

সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় তাইজুল
তাইজুলকে উঁচুতে তুলে ধরলেন মুশফিক। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 02:10 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

আম্পায়ার আঙুল তুলতেই সতীর্থরা সবাই ছুটে এসে অভিনন্দন জানালেন তাইজুল ইসলামকে। জটলার মধ্যে এই স্পিনারকে কোলে তুলে নিয়ে উঁচিয়ে ধরলেন মুশফিকুর রহিম। এই দৃশ্যটাই হয়ে রইল প্রতীকী। তাইজুল তো আসলেই এখন দেশের ক্রিকেটের একটি জায়গায় সবার ওপরে!

চূড়ায়  উঠেছিলেন তিনি প্রথম ইনিংসেই। তবে সেখানে সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট নিয়ে বাঁহাতি এই স্পিনার পেছনে ফেললেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট এখন এককভাবে তাইজুলের।

প্রথম ইনিংসের চার উইকেটে সাকিবের ২৪৬ রানের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউ করে তিনি ছাড়িয়ে যান সাকিবকে। 

মিরপুরে শনিবার আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। নতুন বলে আক্রমণে আসেন তাইজুল। কাঙ্ক্ষিত উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা তাকে করতে হয়নি। তৃতীয় ওভারেই দেখা পান সেই উইকেটের। 

জোরের ওপর করা ডেলিভারির গতির সঙ্গে তাল মেলাতে পারেননি বালবার্নি। তাইজুলের আবেদনে আম্পায়ারের আঙুল তুলে নেন। রিভিউ নিয়ে রক্ষা পাননি আইরিশ অধিনায়ক।

দেশের সফলতম টেস্ট বোলার হওয়ার পর তার সামনেই এখন আরেকটি মাইলফলকের হাতছানি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট ছুঁতে আরেক ধাপ এগিয়ে যান তিনি দ্রুতই। বালবার্নির পর ফিরিয়ে দেন পল স্টার্লিংকেও। 

সাকিবের ২৪৬ উইকেট ছিল ১২১ ইনিংসে। তাকে ছাড়িয়ে যেতে তাইজুলের লাগল ১৯ ইনিংস কম। 

তালিকায় এরপরই আছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্টের শেষ ইনিংস শুরুর আগে তার উইকেট ৯৭ ইনিংসে ২০৯টি। শত উইকেটের ক্লাবে আছেন বাংলাদেশের আর কেবল মোহাম্মদ রফিক (১০০)। ২০০৯ সালে টেস্ট ক্যারিয়ার শেষ করা মাশরাফি বিন মুর্তজা ৭৮ উইকেট নিয়ে এখনও আছে শীর্ষ পাঁচে।