২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ঘরোয়া ক্রিকেট বাদে সব জায়গায় নিষিদ্ধ সাকিবের বোলিং

ইসিবির বোলিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে সব ধরনের ঘরোয়া টুর্নামেন্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে সাকিব আল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

কাউন্টি ক্রিকেট খেলতে গিয়া ধরা পড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিযোগিতা তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেট বাদে সব জায়গায় নিষিদ্ধ হয়ে গেল সাকিব আল হাসানের বোলিং।

বিসিবি রোববার এক বিবৃতিতে সাকিবের বোলিং অ্যাকশন ও এর শাস্তির বিষয়ে তৈরি হওয়া ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে, তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে যায়।

তাই ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের অন্যান্য সব দেশের ক্রিকেট বোর্ড আয়োজিত প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আপাতত নিষিদ্ধ থাকবে সাকিবের বোলিং। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার।  

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী এখন আবার আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। ওই পরীক্ষায় উৎরাতে পারলে মিলবে বোলিংয়ের অনুমতি।

এর আগপর্যন্ত আন্তর্জাতিক ও দেশের বাইরে যে কোনো প্রতিযোগিতায় শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে সাকিবকে। গত শুক্রবার ইসিবির দেওয়া শাস্তির পর থেকেই মূলত কার্যকর হয়ে গেছে তার শাস্তি।

এক্ষেত্রে আইসিসির নীতিমালায় দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করার ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। যাতে অভিযুক্ত বোলার নিজ দেশের ঘরোয়া প্রতিযোগিতায় খেলে নিজের বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করতে পারেন। 

গত সেপ্টেম্বরের শুরুতে সারের হয়ে কাউন্টি ডিভিশন ওয়ান-র একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করেন বাঁহাতি স্পিনার। দারুণ বোলিংয়ে ম্যাচে তিনি নেন ৯ উইকেট। 

ওই ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায়, সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস। তবে ম্যাচ চলাকালে ৬৩ ওভারে একবারও 'নো বল' ডাকেননি আম্পায়াররা।

তবে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করায় চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে উৎরাতে না পারায় প্রাথমিকভাবে ইসিবির সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয় তার বোলিং।

বর্তমানে গল মার্ভেলসের হয়ে লঙ্কা টি-টেন লিগে খেলছেন সাকিব। ইসিবির শাস্তি পাওয়ার পর শনিবার ও রোববারের দুই ম্যাচে বোলিং করতে পারেননি তিনি।