২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান-ছক্কা-উইকেট-দর্শক, মাঠের ক্রিকেটে বিপিএলের আকর্ষণীয় শুরু

বিপিএলের টিকেট ব্যবস্থাপনা নিয়ে স্টেডিয়ামের বাইরে হট্টগোল হলেও মাঠে টি-টোয়েন্টির পূর্ণ বিনোদনই পেয়েছেন দর্শকরা, টুর্নামেন্টের শুরুর দিকে এত রান ও মাঠে এত দর্শক হয়নি আগে।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

‘অবশেষে পেয়েছি…! মনে হচ্ছে ইউরোপের ভিসা পেলাম, ঢাকার খেলা দেখব এখন…’- দুই ঘণ্টার বেশি সময় দীর্ঘ সারিতে অপেক্ষার পর বিপিএলের টিকেট পেয়ে শুক্রবার দুপুরে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এক দর্শক। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথের সামনে তখনও লাইনে দাঁড়ানো অনেক মানুষ। তাদের একজন বলছিলেন, ‘চার ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। খেলা দেখবই দেখব…।’ 

খেলা শুরু হতে তখনও ঘণ্টাখানেক সময়। অর্ধেকের বেশি গ্যালারি ততক্ষণে ভরে গেছে। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস মাঠে নামার আগেই প্রায় কানায় কানায় পূর্ণ দেশের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। শুধু এ দিন বা ছুটির দিনই নয়, বিপিএলের ঢাকা পর্বের চার দিনই দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টি-টোয়েন্টিতে যে মারকাট ক্রিকেট দেখার আশা থাকে দর্শকদের, মাঠে সেই চাহিদাও এখন পর্যন্ত ভালোভাবে মিটিয়েছেন ব্যাটসম্যানরা। প্রতি ম্যাচেই দেখা গেছে চার-ছক্কার ফুলঝুরি। প্রথম আট ম্যাচে হয়ে গেছে দুটি সেঞ্চুরি। এছাড়া বিধ্বংসী ইনিংস খেলেছেন আরও কয়েকজন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরের প্রথম পর্ব শেষ হয়েছে শুক্রবার। এবার নতুন কিছু হবে বলে টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগে থেকেই বার্তা দিচ্ছিলেন বিসিবি কর্তারা। কিন্তু দু-একটি ব্যতিক্রম ছাড়া ভিন্ন কিছু তেমন দেখা যাচ্ছিল না। ফরচুন বরিশালের অধিনায়ক ও দেশের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল তো টুর্নামেন্ট শুরুর আগের দিন বলেন, ‘কেবল কনসার্ট ছাড়া ভিন্ন কিছু চোখে পড়ছে না।’

তবে টুর্নামেন্ট শুরু হতেই বদলে যায় দৃশ্যপট। আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রান তাড়ায় দারুণ জয় পায় তামিমের বরিশাল। মাঠে ছিল গ্যালারি ভরা দর্শক। 

সেটি কেবলই ছিল। যে চার দিন খেলা হয়েছে, এই দৃশ্যগুলি ছিল নিয়মিতই। আগে টুর্নামেন্টের শুরুর দিকে আলোচনা বেশি হতো রান খরা, দর্শকের শূন্যতা নিয়ে। এবার এখানে সত্যিই দেখা যাচ্ছে নতুন কিছু। 

আট ম্যাচে স্রেফ একবারই প্রথম ইনিংসে দেড়শ ছুঁতে পারেনি কোনো দল। সব মিলিয়ে ১৬ ইনিংসে ১৬০ ছাড়ানো স্কোর দেখা গেছে ৯টি। 

শুক্রবারের দুই ম্যাচেই মেলে সেঞ্চুরির দেখা। চিটাগং কিংসের হয়ে উসমান খানের ব্যাট থেকে আসে আসরের প্রথম তিন অঙ্কের ইনিংস। পরে সন্ধ্যার ম্যাচে একার লড়াইয়ে এই জাদুকরী স্পর্শ পান ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

উদ্বোধনী ম্যাচ থেকেই পাল্লা দিয়ে চলছে দর্শকের ঢল ও রানের জোয়ার। সাপ্তাহিক কর্মদিবস হলেও সোমবার টুর্নামেন্টের প্রথম দিন প্রায় পরিপূর্ণ গ্যালারির সামনে খেলেন তামিম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন কুমার দাসরা। 

ফরচুন বরিশালের বিপক্ষে ৮ ছক্কায় ৪৭ বলে ৯৪ রানের ইনিংস দিয়ে বিপিএলের উড়ন্ত সূচনা করে দেন দুর্বার রাজশাহীর ইয়াসির আলি চৌধুরি। দুইশ ছুঁইছুঁই লক্ষ্যে পরে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ। মাত্র ২৬ বলে তিনি করেন ৫৬ রান। ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ২১ বলে ৫৪ রান। ম্যাচে মোট ছক্কা হয় ২৯টি, যা বিপিএলের রেকর্ড। 

সেই পথ ধরে সেদিনই পরের ম্যাচে ১৯১ রান করে রংপুর রাইডার্স। পরের দিন ধাপ এগিয়ে খুলনা টাইগার্স ছাড়িয়ে যায় দুইশ। শুক্রবার উসমানের সেঞ্চুরিতে চিটাগং কিংস করে ২১৯ রান।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ছক্কা হয়েছে মোট ১৩২টি। ম্যাচপ্রতি দাঁড়ায় ১৬.৫টি। শেষ দুই দিন ঘন কুয়াশার মধ্যেও ৪ ম্যাচে ৫৮টি ছক্কা মারেন ব্যাটসম্যানরা। প্রথম ৮ ম্যাচে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৭৯.৫! মিরপুরের মাঠে যা অবিশ্বাস্যই বটে। 

এত বেশি ছক্কার একটি কারণ অবশ্য সীমানা ছোট করে দেওয়া। তবে উইকেটের আচরণও এবার সন্তোষজনক। এমনকি হেরে যাওয়া দলগুলোও ভালো উইকেটের প্রশংসা করেছে সংবাদ সম্মেলনে। 

ব্যাটসম্যানদের দাপটের টুর্নামেন্ট এখন পর্যন্ত প্রায় শতভাগ মিটিয়েছে দর্শকদের মনের খোরাক। সপ্তাহের ব্যস্ত দিন বৃহস্পতিবারেও বরিশাল ও রংপুরের খেলা দেখতে স্টেডিয়ামের বাইরে উপচে পড়া ভিড় জমে আগ্রহী দর্শকদের। ম্যাচ চলাকালে মাঠের ভেতরেও ছিল প্রায় ২০ হাজার দর্শকের সমাগম।

ওই ম্যাচে অবশ্য হতাশ করে বরিশাল। মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় তারা। তবে দিনের প্রথম ম্যাচে ঝড় তোলেন এনামুল হক ও রায়ান বার্ল। উদ্বোধনী ম্যাচে ফিফটি করা এনামুল সেদিন খেলেন ৪৬ বলে ৭৩ রানের ইনিংস। তিন ইনিংসে ১৪৬ রান করে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। 

এছাড়া নজরকাড়া ইনিংস খেলেন মাহিদুল ইসলাম, শামীম হোসেনরা। ৬ ছক্কায় ২২ বলে ৫৯ রানের ইনিংসে বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি করেন মাহিদুল। একই ম্যাচে শামীমের ব্যাট থেকে আসে ৭ চারের সঙ্গে ৫ ছক্কায় ৩৮ বলে ৭৮ রান।

এসব সংখ্যার ঝনঝনানি দেখে অনেকেই ভাবতে পারেন, উইকেট বুঝি বোলারদের বধ্যভূমি। আদতে, উইকেটে পেসারদের জন্য মুভমেন্ট ছিল যথেষ্টই। বরাবরই মন্থর ও নিচু বাউন্সের উইকেট বলে পরিচিত যেটি, সেখানে এবার বাউন্সও ছিল চমক জাগানিয়া। পেসাররা এই উইকেটে জানিয়েছেন আনন্দময় বিস্ময়ের কথা।  

রান জোয়ারে শুরু হওয়া আসরেই এক ম্যাচে ১৯ রানে সাত উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএলে এটি সেরা বোলিংয়ের রেকর্ড তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসেই তৃতীয় সেরা বোলিংয়ের কীর্তি। গতির আর বাউন্সে ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়ে নাহিদ রানা দিয়েছেন তিন ম্যাচে ছয় উইকেট। স্পিনে যথারীতি রহস্যের জাল বিছিয়েছেন আলিস আল ইসলাম। মেখ মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজরা ভালো শুরু করেছেন যথারীতি।

যেটির মানে, এই উইকেটে সবার জন্যই কিছু না কিছু সহায়তা আছে। স্পোর্টিং উইকেট তো একেই বলে!

মাঠের দারুণ ক্রিকেট উপভোগ করতে দর্শকদের অভিজ্ঞতাও এবার বেশ ভালো। শহীদ মুগ্ধ কর্নারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে পানি। পাশাপাশি মাঠে খাবারের দামও এবার তুলনামূলক কম। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও দেওয়া হয়েছে বাড়তি নজর। 

ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার খেলা দেখতে আসা জোবায়েদ হোসেনই যেমন শোনাচ্ছিলেন নিজের অভিজ্ঞতা, ‘মিরপুর প্রায় এক বছর পর খেলা দেখতে এসেছি। গত বিপিএলে পানির জন্য অনেক কষ্ট হয়েছে। এবার দেখছি খাবারের দামও কম রাখছে।’     

মাঠে ঢোকার পর দর্শকদের অভিজ্ঞতা আগের তুলনায় ভালো হলেও মাঠের বাইরের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। খেলা শুরুর আগের দিন দুপুর পর্যন্ত টিকেটের কোনো তথ্য জানায়নি বিসিবি। ফলে স্টেডিয়ামের বাইরে সৃষ্টি হয় উত্তাল পরিস্থিতি। এমনকি উদ্বোধনী ম্যাচের দিন হোম অব ক্রিকেটের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষুদ্ধ দর্শকরা। 

সব কিছু মাত্রা ছাড়িয়ে যায় বৃহস্পতিবার। সুইমিং কমপ্লেক্সের বুথে সেদিন টিকেট না পেয়ে ভাংচুর ও আগুন দিয়ে দেন বিক্ষুদ্ধ দর্শকরা। দুই বড় দল বরিশাল ও রংপুরের খেলা হওয়ায় সেদিন দর্শক আগ্রহও ছিল তুঙ্গে। 

প্রথম কয়েক দিনের পরিস্থিতি দেখেই হয়তো শুক্রবার নিরাপত্তার দায়িত্ব যায় সেনাবাহিনীর কাছে। পুলিশ ও র‍্যাবের সঙ্গে মিলে দর্শকদের ভালোভাবেই সামাল দেন তারা। 

তবু অনেকের প্রশ্ন থেকে যায় অনলাইন টিকেটের ব্যবস্থা নিয়ে। বিশেষ করে দর্শক পর্যন্ত সঠিক নির্দেশনা পৌঁছতে দেরি হওয়ায় শুরুর দিকে বিশৃঙ্খলা মাত্রা ছাড়িয়ে যায়। সরেজমিনে টিকেট বিক্রির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেক দর্শককে। 

বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ আশ্বাস দিয়েছেন, সামনে থেকে ৫ থেকে ৭ দিন আগে অনলাইনে টিকেট ছাড়ার ব্যবস্থা করবেন তারা। সেই ধারাবাহিকতায় আগামী শুক্রবারের টিকেট এখনই পাওয়া যাচ্ছে বিসিবির টিকেটিং ওয়েবসাইটে।

ঢাকার প্রথম পর্ব শেষ করে বিপিএলে সোমবার শুরু হবে ১২ ম্যাচের সিলেট পর্ব। চা বাগানে ঘেরা ওই মাঠে বেশির ভাগ সময়ই থাকে স্পোর্টিং। মিরপুরের বিনোদনের পসরা তাই সিলেটেও সাজিয়ে তোলার আশা করাই যায়।